বিভিন্ন অভিযোগে নিষিদ্ধ হওয়া ক্রিকেটারদের ভুল শুধরিয়ে দ্রুতই খেলায় ফিরিয়ে আনতে দুর্নীতি আইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইন্টরন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দীর্ঘদিন নিষিদ্ধ থাকা ক্রিকেটাররা যাতে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে সে জন্য আইসিসির দুর্নীতি বিরোধী আইনের সংস্কার আগামী জুন মাস থেকে কার্যকর করা হবে। নিষিদ্ধাদেশের সময় শেষ হলে যত তাড়াতাড়ি সম্ভব খেলোয়াড়রা যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে নিজেদের প্রস্তুত করতে পারে সে উদ্দেশ্যেই এ আইনের সংশোধন করা হয়েছে। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন বলেন, ‘দুর্নীতি বিরোধী আইনে কয়েকটি পরিবর্তন আনার কথা বিবেচনা করা হচ্ছে এবং পরিবর্তনের মধ্যে একটি হলো নিষিদ্ধ থাকা খেলোয়াড়দের কিভাবে খেলায় ফিরিয়ে আনা যায়।
‘সুতরাং কোন খেলোয়াড় যদি ৫ বছরের জন্য নিষিদ্ধ হয় সে যাতে কিছুটা আগেই ঘরোয়া কিংবা ক্লাব ক্রিকেট খেলতে পারে। অর্থাত্ তার ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সে পুনরায় বাকি ক্যারিয়ার শুরু করতে পারে। পরিবর্তিত আইনে এমনটাই বলা হয়েছে। তবে নির্দিষ্ট কোন খেলোয়াড়ের ব্যক্তিগত মামলার কথা বিবেচনা করে এমনটা করা হয়নি। সুতরাং এখন কিংবা ভবিষ্যতে যারা নিষিদ্ধ হবে তাদের কথা বিবেচনা করে নীতিগতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ বাসস।
