কেন্দ্র দখল, বোমা হামলা, ব্যালট বাক্স ছিনতাই, অগ্নিসংযোগ ও পোলিং এজেন্টদের মারধরসহ নানা অনিয়মের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের নিজের উপজেলা এটি।
অনিয়ম ও কারচুপির অভিযোগে বিএনপি-জামায়াত-সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, একজন স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট সাতজন দুপুর ১২টার আগেই নির্বাচন বর্জন করেছেন। নতুনপাড়া কেন্দ্রে বিশৃঙ্খলা করার অভিযোগে সেনাবাহিনী আব্দুল গণি নামের একজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে কেন্দ্র দখল, পরপর তিনটি বোমা হামলা করেছে। তারা নয়টি কক্ষে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই করে ৯টি ব্যালট বাক্স পুড়িয়ে দিয়েছে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা স্বপন কুমার পরে নির্বাচন স্থগিত করেন।
