লোকসভা নির্বাচন

যুক্তরাষ্ট্রের আদলে কংগ্রেসের প্রার্থী বাছাইয়ের চেষ্টা ব্যর্থ

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২৩:২৬
ভারতে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের ‘প্রাইমারি’ ও ‘ককাস’ এর আদলে তৃণমূল নেতৃত্ব থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থী বাছাই করতে চেয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। কিন্তু তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তৃণমূল নেতৃত্বদের পরিবর্তে মুখচেনারাই প্রার্থীতা লাভ করেছেন। এতে কর্মী সমর্থকদের মধ্যে আরো ক্ষোভের সৃষ্টি হয়েছে। কঠোর সমালোচনার মুখে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন রাহুল গান্ধী। খবর এনডিটিভির। সূত্র জানায়, প্রাথমিকভাবে ১৬ টি আসনকে রাহুল গান্ধী ‘এক্সপেরিমেন্ট’ করার জন্য বেছে নেন। কিন্তু দুর্নীতি, পেশীশক্তি, তদবিরের রাজনীতি ও স্বজনপ্রীতির কারনে শেষ পর্যন্ত দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান এমপি, মুখচেনা সিনিয়র নেতা, তাদের আত্মীয় স্বজন কিংবা ঘনিষ্ট সহযোগীরাই মনোনয়ন পেয়েছেন। যাদের পেছনে ক্ষমতাধর কেউ নেই তারা মনোনয়ন পাননি। এসব ঘটনা ঘটেছে দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে। অভিযোগ উঠেছে, বাছাই ভোট কেনা হয়েছে টাকা দিয়ে কিংবা ভয় দেখিয়ে! কোনো কোনো স্থানে দলীয় ক্যাডাররাই বাছাই ভোটের নিয়ন্ত্রণ নিয়ে ইচ্ছেমতো নেতাকে ভোটে জিতিয়ে দিয়েছে। কংগ্রেসের এই প্রচেষ্টা প্রশংসনীয় হলেও উল্টো ফল দেয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন শীর্ষ নেতৃত্ব।