নির্বাচন কমিশনের দেয়া রায়ের বিরুদ্ধে রবিবার হাইকোর্টে রিট করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরোত্তম।
এর আগে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋণ খেলাপির অভিযোগে রিটার্নিং অফিসার সৈয়দ মোহাম্মদ খুরশিদ আনোয়ার কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন। পরে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে নির্বাচন কমিশনও তাঁর আপিল খারিজ করে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের এ রায়ের বিরুদ্ধে রবিবার কাদের সিদ্দিকী হাইকোর্টের আপিল বিভাগে রিট করেন। কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক রবিবার সন্ধ্যায় কাদের সিদ্দিকীর এ রিট আবেদন করার কথা নিশ্চিত করেছেন। আজ সোমবার রিট পিটিশনের রায় হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।
এদিকে মনোনয়নপত্র ফিরে পেতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ সাঈদ আজাদের করা আপিলও রবিবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ খারিজ করে দেন। এর আগে সুপ্রিম কোর্ট হলফ নামায় স্বাক্ষর না থাকায় হাইকোর্টের রায় স্থগিত করে নির্বাচন কমিশনের রায় বহাল রাখেন। আগামী ২৯ মার্চ এ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
