সহিংসতায় নিহত ৪

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২৩:৩১
খুন, সংঘর্ষ, আগের রাতে ব্যালটে সিল মারা, ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই ও জাল ভোট প্রদানের মধ্য দিয়ে গতকাল রবিবার শেষ হয়েছে চতুর্থ ধাপের ৯১ উপজেলা পরিষদের নির্বাচন। ভোট গ্রহণকালে সহিংসতায় নিহত হয়েছেন চারজন। এর মধ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান, ঝালকাঠীর রাজাপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবলীগ কর্মী রিপন হাওলাদার, কুমিল্লার বরুড়ায় পুলিশের গুলিতে যুবদল কর্মী মনির হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির গুলিতে যুবদল নেতা হাদিস মিয়া মারা গেছেন। নির্বাচন কমিশন (ইসি) এই নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেও সহিংসতা ঠেকাতে পারেনি। বরং গত তিনধাপের চেয়ে এবার সহিংসতার মাত্রা আরো বেড়েছে। ৩২টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। ব্যালট ছিনতাইকারীদের গুলি করার নির্দেশও কার্যকর হয়নি। বরং কোথাও কোথাও প্রশাসনের সহযোগিতায় কেন্দ্র দখল করে সিল মারতে দেখা গেছে। কিছু স্থানে ভোটগ্রহণের আগেই ব্যালট ভর্তি বাক্স পাওয়া গেছে। তবে বেশকিছু উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা জানান, কুমিল্লায় ভোটের আগের রাতে ৫ হাজার ব্যালট পেপার ছিনতাই করে ক্ষমতাসীন প্রার্থীর পক্ষে বাক্স ভর্তি করে কর্মীরা। যশোরে বোমাবাজি ও ভোটারদের পিটুনির ঘটনা ঘটে। এখানে দুই সেকেন্ডে একটি ভোট পড়েছে। গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ব্যালটে সিল, পটুয়াখালীতে কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাই, ঝালকাঠিতে ভোটকেন্দ্রে হামলা, ভাংচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের সহযোগিতায় প্রকাশ্য ব্যালটে সিল মেরেছেন ক্ষমতাসীন প্রার্থীর কর্মীরা। খুলনার ৫ উপজেলায় বিএনপি নির্বাচন বর্জন করেছে। এখানে সংঘর্ষ ঠেকাতে পুলিশকে গুলি ছুঁড়তে হয়েছে। বেশকিছু কেন্দ্রে বোমাবাজির ঘটনাও ঘটেছে। পিরোজপুর সদর ও মঠবাড়িয়ায় বিএনপির প্রার্থীরা দুপুরেই ভোট বর্জন করে। বরিশালের আগৈলঝাড়ায় সকালের মধ্যে ভোটগ্রহণ প্রায় শেষ হয়ে যায়। সুনামগঞ্জের ধর্মপাশায় ৩টি কেন্দ্রে সংঘর্ষে আহত হয় ১০ জন, নোয়াখালীর বেগমগঞ্জে ব্যালট ছিনতাইয়ের চেষ্টার পর ৩টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়, ঝিনাইদহের হরিনাকুন্ডে ভোটকেন্দ্রে সহিংসতায় আহত হয়েছে ১০ জন। সাতকানিয়ায় ব্যালট ছিনতাই, গাবতলীর পাঁচকাতুলী কেন্দ্রের কাছে ককটেল বিস্ফোরণ, ভাংচুর, টাঙ্গাইলের ভূয়াপুরে কেন্দ্র দখল, জাল ভোট, ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষে আহত হয়েছে ২০ জন। চট্টগ্রামের বাঁশখালীতে সহিংসতায় পুলিশ ও পোলিং অফিসারসহ আহত হয়েছেন ২৬ জন, এখানে পুলিশ ২৩ রাউন্ড গুলি ছোঁড়ে। রাঙ্গুনিয়ায় ব্যালট বাক্স ছিনতাই, বরিশালের দুই উপজেলায় ও ভোলার তিন উপজেলায় কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছে বিএনপি, উজিরপুরে সংঘর্ষ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নিজ উপজেলা চুয়াডাঙ্গায় জীবননগরে ৯টি ব্যালট বাক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপির পাশাপাশি কয়েকটি স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরাও ভোট বর্জন করেছে। এর মধ্যে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পিরোজপুরের জিয়ানগর, কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগ প্রার্থীরা ভোট বর্জন করেন। মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে হত্যা: জেলার গজারিয়া উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন প্রধান (৪৫) নিহত হয়েছেন। ডাক্তার আবদুল গফফার স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দে ্রর বাইরে সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনি নিহত হন। আওয়ামী লীগ থেকে দু’জন প্রার্থী হওয়ায় নির্বাচনের শুরু থেকেই গজারিয়ায় উত্তেজনা বিরাজ করছিল। ভোটের আগের রাত থেকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র মজুদ করে দু’পক্ষ। এর মধ্যে কেন্দ্রের নির্দেশে আওয়ামী লীগের প্রার্থী বদল হয়ে যায়। এ নিয়ে উত্তেজনা চরম আকার ধারণ করে। সকালে ভোট শুরুর পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে ডাক্তার আবদুল গফফার স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ তোতার সমর্থকদের রামদায়ের কোপে নিহত হন শামসুদ্দিন প্রধান। সংঘর্ষ ও সংঘাতের কারণে উপজেলার ৯ কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করা হয়। ঝালকাঠিতে যুবলীগ কর্মী নিহত: জেলার রাজাপুর উপজেলায় সাত নং দক্ষিণ তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবলীগ কর্মী রিপন হাওলাদার (২৮) মাথায় গুরুতর আঘাত পান। তাকে ঢাকায় নেয়ার পথে বিকাল চারটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এদিকে ব্যালট ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে বিএনপি প্রার্থী ঝালকাঠির সদর উপজেলার সরদার এনামুল হক, নলছিটি উপজেলার আনিছুর রহমান খান হেলাল, রাজাপুরের নাসিম আকন ও কাঠালিয়া উপজেলার মিরন সিকদার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। রাজাপুরের কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি ব্যালট বাক্স ছিনতাই করে সরকার সমর্থকরা। ব্যালট ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে। পরে কেন্ন্দ্রের অদূরে মাঠ থেকে ব্যালট বাক্স উদ্ধার করা হয়। জীবন রাজাপুরের শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় প্রিজাইডিং কর্মকর্তাসহ ৫ জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতা নিহত: আখাউড়া উপজেলার তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকার দলীয় লোকজন জোরপূর্বক সিল মারছে-এমন খবর পেয়ে পৌনে ৪টার দিকে বিএনপি কর্মীরা কেন্দে লের যুগ্ম-সম্পাদক হাদিস মিয়াসহ (৪৫) আরো কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পথে হাদিস মারা যান। আখাউড়ার পৌর মেয়র তাকজিল খলিফার নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা ৬টি কেন্দ্র দখল করে ব্যালট বাক্সে সিল মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ এসইএসডিপি উচ্চ বিদ্যালয়, চান্দেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাঁতমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কমপক্ষে ১৫টি ভোট কেন্দ্রে সকালে সরকার সমর্থক প্রার্থীর লোকজন প্রতিপক্ষের লোকজনকে কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেয়। সকাল ১১টার দিকে পূর্বভাগ এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগ নেতা পল্লী চিকিত্সক জহির ও কাদের মিয়া ওই কেন্দ্রের সকল পোলিং এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে সিল মারতে থাকেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমরান হোসেন সেখানে পৌঁছলে তাকে লাঞ্ছিত করা হয়। তাকে উদ্ধারে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছলে তিনিও শারীরিকভাবে লাঞ্ছিত হন। কুমিল্লায় যুবদল কর্মী নিহত: জেলার বরুড়া উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুপুরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া ও বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল খালেক চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশ গুলি চালালে যুবদল কর্মী মনির হোসেন আহত হন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকাল চারটার দিকে তিনি মারা যান। নির্বাচনে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটায় উপজেলার দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচন চলাকালে একই উপজেলার মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয় কেন্ন্দ্র একাধিকবার দখলের চেষ্টা হলে প্রথম দফায় সোয়া ১১টার দিকে পুলিশ ৩০ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে বিকালে আবারো দখলের চেষ্টা হলে ৬৪ রাউন্ড শটগান ও ১২ রাউন্ড চায়না রাইফেলের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ কনস্টেবল সোলেমানসহ কমপক্ষে ১৫ জন আহত হন। উপজেলার তলাগ্রাম ত.চ লাহা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকালে হামলা চালিয়ে ব্যালট পেপার ভর্তি ১০টি ব্যালট বাক্স ভাংচুরসহ প্রিজাইডিং অফিসার ড. মহিউদ্দিন মো. শাহজাহান ভুঁইয়াকে বেধড়ক মারধর করা হয়। আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ওই কেন্দ্রে আলী হোসেন নামের নতুন প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়ে বেলা ১১টার দিকে ভোট গ্রহণ শুরু করা হয়। গভীর রাতে ৫ হাজার ব্যালটে সিল!: কামেড্ডা শালুকিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে না পেরে স্থানীয় জনগণ বিক্ষোভ করেছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডা. জাকির হোসেন জানান, শনিবার রাতে ৩০/৩৫ জন লোক আমাকে জিম্মি করে সাড়ে ১৭শ’ ব্যালট পেপারে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমানের আনারস প্রতীকে সিল মারে। এসব ব্যালট পেপার আলমারীতে সংরক্ষণ করে রাখা হয়। পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলাম জানান, শনিবার রাত ৩টার দিকে সশস্ত্র অবস্থায় ৩৫/৪০ জন লোক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাকে মারধরসহ অস্ত্রের মুখে জিম্মি করে ৮০০ ব্যালট পেপারে আনারস প্রতীকে সীল মেরে বাক্সে ঢুকিয়ে রাখে। রাতেই আদমপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১শ’ ও খোশবাশ কেন্দ্রে ১৩শ’ ব্যালট পেপারে আনারস প্রতীকে সীল মারা হয়। বাগমারা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রাতে আনারস প্রতীকের পক্ষে ব্যালট পেপারে সীল মেরে বাক্স ভর্তি করে রাখে। সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্র টি বন্ধ দেখা যায়। এছাড়া মুগুজী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুল অদুদ জানান, রাতে ১০টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে আনারস প্রতীকে সীল মেরে বাক্সে ঢুকিয়ে রাখা হয়। এদিকে এ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম মিঠুকে আটক করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। কুমিল্লার মেঘনা উপজেলা নির্বাহী অফিসার সামছুল হক জানান, চালিভাঙ্গা ইউনিয়নের লক্ষণখোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহেশখোলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টা হয়। এ সময় লক্ষণখোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুল কাদের বাধা দিলে তাকে মারধর করা হয়। এ সময় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হন। এদিকে উপজেলার বড়সাপ পাড়া কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এছাড়া মহেশখোলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে একজন ইউপি চেয়ারম্যানসহ ৭ জন আহত হয়েছেন। কলারোয়া কেন্দ্র দখল করে ব্যালটে সিল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরেছে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীর সমর্থকরা। কেন্দ্রে কেন্দ্রে মাত্র ১৫ থেকে ২০ মিনিটেই ব্যালট বই শেষ করে ভোটকেন্দ্র ত্যাগ করে তারা। কিন্তু পুলিশ ও প্রশাসন ছিল নিষ্ক্রিয়। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে চলে এসব কার্যক্রম। সরেজমিনে বিভিন্ন কেন্দ্রে গেলে এসব তথ্য জানান ভোটাররা। তারা অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু ও তার সমর্থকরা এই কাজ করেছেন। তবে তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলার তুলশীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপতিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়, পানি কাউড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাররা ভোট দিতে গিয়ে দেখেন তাদের ভোট দেয়া হয়ে গেছে। তুলশীডাঙ্গা ভোট কেন্দ্রে ৩ হাজার ৬১৩ ভোটের মধ্যে সাড়ে ৩টায় আর কোনো ব্যালট পেপার নেই বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া উপজেলার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৪ জন আহত হয়। সাংবাদিকদের ওপর হামলা: চন্দনপুর হাইস্কুল কেন্দ্র ও খোর্দ বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ হওয়ায় দেড়ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর আবারও ভোট গ্রহণ শুরু হয়। হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বেশ কয়েকজন লাঠিসোটা হাতে দাঁড়িয়ে থাকে। কেন্দ্রের সামনে ভোটদানে বাধা দেয়ার দৃশ্য ক্যামেরাবন্দী করতে গেলে তারা সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং তাদের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করে। ওফাপুর ভোট কেন্দ্রের সামনে সকাল নয়টার দিকে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মঠবাড়িয়ায় কেন্দ্রে যেতে বাধা, নির্বাচন বর্জন: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রুহুল আমীন দুলাল, ভাইস চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান খোকন ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট উম্মে ছালমা সুমী নির্বাচন বর্জন করেছেন। উপজেলার ৭৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর একঘণ্টা পরে সকাল নয়টার দিকে তারা এ ঘোষণা দেন। দুলাল অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশরাফুর রহমান প্রশাসনকে পক্ষে নিয়ে ভোট কারচুপি করেছেন। নির্বাচনে বিএনপি সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা, মারধর, কুপিয়ে আহত করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে তারা। বেগমগঞ্জে ব্যালট বাক্স ছিনতাই, বোমাবাজি:নোয়াখালীর বেগমগঞ্জে তালুয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সকাল ১১টার দিকে উপজেলার তালুয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কয়েকজন যুবক অতর্কিত হামলা করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার সময় সরকার দলীয়রা বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ বন্ধ করে দেন। সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ১০ জন আহত : দুপুর ১২টার দিকে জেলার ধরমপাশা উপজেলার শেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আ’লীগ নেতাকর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। বিএনপি নেতাকর্মীরা এতে বাধা দিলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উপজেলা বিএনপি নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান আলী আমজাদ আহত হন। প্রায় একই সময়ে বালিজুড়ি প্রাথমিক বিদ্যালয় ও বাদশাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আ’লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ ১০ জন আহত হন। সালথায় সংঘর্ষ:ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া এলাকায় আওয়ামী লীগ- বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বিএনপি নেতা লাবলুর বাড়িসহ ৬টি বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়। নাটোরে যুবলীগ কর্মীর জেল: জেলার বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মিজানুর রহমানের ৩ কর্মীসহ মোট ৬ জনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে যুবলীগ কর্মী আব্দুস সামাদকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। কুষ্টিয়ায় কেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন বর্জন: জেলার দৌলতপুর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি, জাসদ ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার, ভোট কেন্দ্র দখল, ভোট কেন্দ্রে যেতে ভোটারদের বাধাপ্রদান ও নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলার অভিযোগ এনে তারা নির্বাচন বর্জন করেন। খুলনার ৫ উপজেলায় আজ হরতাল:জেলার রূপসা, তেরখাদা, ফুলতলা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলার নির্বাচন বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবিতে ওই ৫ উপজেলায় আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। এর আগে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সহিংসতার অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করেন। রূপসা উপজেলার সামন্তসেনা দাখিল মাদ্রাসা কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা চলে। এসময় পুলিশের গুলিতে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফ. ম আব্দুস সালামসহ নয়জন গুলিবিদ্ধ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দুইজন সদস্য আহত হন। গুলিবিদ্ধ সালাম, সেলিম পাটোয়ারী ও ইকবালকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় আনা হয়েছে। গুলিবিদ্ধ সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী। ফেনীতে জাল ভোট:সকাল ৯ টার দিকে জেলার সোনাগাজী উপজেলায় এনায়েতউল্লা মহিলা কলেজ কেন্দ্র থেকে ২টি ককটেল ও ১ এলজিসহ ২ যুবককে সেনাবাহিনী আটক করে। এ কেন্দ্রে প্রিসাইডিং অফিসার দেওয়ান নজরুল ইসলামকে দেখা যায়নি। তার অনুপস্থিতিতে জাল ভোট দিতে দেখা গেছে। এদিকে উপজেলার ১৯ দলীয় জোটের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী নাজেম ওসমানী, বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন। পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার দাবিতে সোনাগাজী উপজেলায় আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে। জিয়ানগরের সহিংসতায় আহত ১০ পিরোজপুরের জিয়ানগরে দিনভর নানা অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে হামলা সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পত্তাশীর ২৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এ সময় পুলিশ ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সময় পাড়েরহাটের হোগলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর আনারস মার্কার একটি ক্যাম্প ভেঙ্গে ফেলে জামায়াত- বিএনপির লোকজন। অপরদিকে পাড়েরহাটের বাড়ৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বেলা ১১টার দিকে জামায়াত-বিএনপি সমর্থকদের সাথে আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক গাজী বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন সুষ্ঠু হয়নি এবং জামায়াতের বিরুদ্ধে কেন্ন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং ভোটারদের ভয়- ভীতি দেখানোর অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবি করেন। বোমাবাজির মধ্যে যশোর সদর উপজেলায় ভোট বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমাবাজির ঘটনায় যুবলীগ নেতা, মুক্তিযোদ্ধা ও আনসার সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৮ জনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন্দ্র দখলের অভিযোগে ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থী মাসুক হাসান জয় নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এরপর তার কর্মী ও সমর্থকরা অন্তত ১৫টি ভোটকেন্দ্যোপক বোমাবাজি করে। এ সময় তারা সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করেও বোমা নিক্ষেপ করে। রামকৃষ্ণ আশ্রম স্কুলের সামনে বোমায় আওয়ামী লীগ কর্মী জুয়েল হায়দার আহত হন। ব্যালট, ব্যালটবক্স ছিনতাইয়ের মধ্য দিয়ে সাতকানিয়ায় নির্বাচন সম্পন্ন\ আহত ২ ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই ও অগ্নিসংযোগ এবং গোলাগুলির মধ্য দিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে দশটার দিকে সোনাকানিয়া লক্ষী বিবি এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রের প্রাথমিক বিদ্যালয় কেন্ন্দ্রের সামনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার চৌধুরীর গাড়ি ভাংচুর করে জামায়াত-শিবির। বিকালে ৫০ নম্বর ডেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত গুলি করতে করতে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে মাঠে এনে অগ্নিসংযোগ করে। সুনামগঞ্জের ধর্মপাশায় সংঘর্ষ সুনামগঞ্জের ধর্মপাশার বালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি দলের সমর্থকরা প্রভাব খাটাতে গেলে বিরোধী দলীয় সমর্থকদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান আলী আমজাদসহ ১০ জন আহত হন। ভূঞাপুরে কেন্দ্র দখল আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকেই কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়াসহ বিরোধীদের উপর হামলার মধ্য দিয়ে শেষ হয়েছে ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন। এসব হামলার ঘটনায় আহত হয়েছে ২০ জন। উপজেলার পুনর্বাসন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা নিকরাইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি রমজান আলী ও সাইফুল ইসলামের উপর অতর্কিতভাবে হামলা চালায়। চরনিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম শাপলা ও উপজেলা যুবলীগের সভাপতি বাদল আহত হয়। পরে শাপলাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় আওয়ামী লীগের ৪০-৫০ জন হামলা চালায়। পটুয়াখালী ও দুমকির ১৩ কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, ব্যালট ছিনতাই, ব্যাপক জাল ভোটের মধ্যদিয়ে গতকাল পটুয়াখালীর সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। এ সকল ঘটনায় পটুয়াখালী ও দুমকির ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। হরিনাকুন্ডুতে আহত ১০ আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। নালিতাবাড়িতে সংঘর্ষ : টিয়ারশেল বর্ষণ ভোট গ্রহণের শেষ পর্যায়ে কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড টিয়ারশেল বর্ষণ করে। এতে ৪ জন আহত হয়। পাবনার ঈশ্বরদীর মহাদেবপুর কেন্দ্রে ব্যালট ছিনতাই পাবনার ঈশ্বরদীর মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইকালে সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আকাল সরদার ও আওয়ামী লীগ কর্মী সেকেন্দার আলীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি ভোট কেন্দ সংলগ্ন এলাকায় স্থানীয় আওয়ামী সমর্থিতদের সাথে সংঘর্ষে মুলাডুলি ইউনিয়ন শিবির সভাপতি ছইমুদ্দিন গুলিবিদ্ধ হন। নড়াইলে একজনকে জরিমানা শিব শংকর মাধ্যমিক বিদ্যালয় থেকে দুপুর ২টার সময় জাল ভোট দেয়ার চেষ্টার অপরাধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রদীপ বিশ্বাস (২৬) নামের এক যুবককে দুই বছরের জেল ও দশ হাজার টাকা জরিমানা করেছে। দৌলতপুরে জাসদসহ বিভিন্ন দলের ভোট বর্জন ভোট কেন্দ দখল, ভোটারদের বাধা ও নেতা-কর্মীদের ওপর আওয়ামী প্রার্থীর সন্ত্রাসীদের হামলায় বিএনপি, জাসদ ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীরা ভোট বর্জন করেছেন। বাঁশখালীতে পুলিশসহ ২৬ জন আহত ককটেল বিস্ফোরণ, গুলিবিনিময়, জালভোট প্রদানসহ সহিংস ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৭টি কেন্দ্রে সহিংসতায় পুলিশ ও পোলিং অফিসার গীতা রানী দাশ (৩২)সহ আহত হয়েছে অন্তত ২৬ জন। দুপুর ১২টা থেকে ২টার মধ্যে দফায় দফায় পৃথক সহিংসতা ঘটে। এসব কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালটপেপার ছিনতাই, কেন্দ্র দখল, ককটেল বিস্ফোরণ, জালভোট প্রদান, পুলিশের ২৩ রাউন্ড গুলি বর্ষণ ও ৫টি ককটেল বিস্ফোরণসহ প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বরিশালের উজিরপুরে সংঘর্ষ জাল ভোট ও কেন্দ্র দখলের মধ্য দিয়ে বরিশালের দুটি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উজিরপুরে ভোট কেন্দ্র দখলে বাধা দেয়ায় আওয়ামী লীগ কর্মীদের সাথে বিএনপি’র সংঘর্ষ হয়েছে। কালিহাতীতে সংঘর্ষ গোহালিয়াবাড়ী এবং চক বানিয়াবাড়ী কেন্দ্রে ভোটপ্রদানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গাবতলীর পাঁচকাতুলী কেন্দ্রে ককটেল বিস্ফোরণ পাঁচকাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা। একই সময় তারা দুটি বাড়িতে হামলা ও ভাংচুর করে এবং চাচা-ভাতিজাসহ ৪ জনকে মারপিট করে। এর আগে সকালে একই কেন্দ্রের বাইরে থেকে অর্ধশত লাঠি উদ্ধার এবং এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশ। দুমকির ৫টি কেন্দ্রের ভোট স্থগিত দুমকির ৫টি ভোট কেন্দ্রে র ভোট স্থগিত করা হয়েছে । রাঙ্গুনিয়ায় ব্যালট বাক্স ছিনতাই ছিনতাইকৃত তিনটি ব্যালট বাক্সের মধ্যে ২টিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়েছে। অপরটির হদিস পাওয়া যায়নি। ভোলায় ৩টি উপজেলায় ভোট বর্জন বিএনপি প্রার্থীদের ভোট বর্জন, কয়েকটি কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে ভোলার ৩টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এদিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম বাছেদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ক্যাডারদের হামলায় তার ১০ জন সমর্থক আহত হয়েছে। অপর দিকে মনপুরায় সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগ সমর্থিত সেলিনা চৌধুরীর লোকজন কেন্দ্র দখল করে নেয়ার অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেন। দৌলতখানেও বিএনপি প্রার্থী ভোট বর্জন করেন। কালিয়াকৈরে জোরপূর্বক ব্যালট পেপারে সিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাচনে কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিলমারার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রগুলো হচ্ছে চান্দরা আইডিয়াল স্কুল, জেনিথ পিএল কিন্ডারগার্টেন, মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৌচাক আদর্শ বিদ্যা নিকেতন কেন্ন্দ্র এদিকে ব্যালট পেপারে জোরপূর্বক সিলমারা অভিযোগের প্রতিবাদ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রার্থীদের কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে ম্যাজিস্ট্রেটের সাথে এক প্রার্থীর বাক বিতণ্ডা হয়। জাতীয় পার্টির সমর্থিত ঘোড়া প্রতীকের খন্দকার আব্দুস সালাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম রাসেল অভিযোগ করেন প্রিজাইডিং অফিসার এবং পুলিশের সহযোগিতায় কেন্দ্রের ভিতর আনারস প্রতীকের পক্ষে জোরপূর্বক ব্যালট পেপারে সিলমারা হয়। চতুর্থ ধাপের ভোট তথ্য গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট ৪৩ জেলার ৯১ উপজেলার ৫ হাজার ৮৮৪টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান- ৯১ উপজেলায় তিন পদে লড়াই করেছেন এক হাজার ১৮৬ জন প্রার্থী। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৪৭ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫১৯ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১১ জন। এসব উপজেলায় মোট ভোটার ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ৬৯ লাখ ৭ হাজার ৯৫৬ জন, নারী ৬৯ লাখ ৫১ হাজার ৩২২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৫ হাজার ৮৮৪টি, ভোটকক্ষ ৩৯ হাজার ৫১৬টি। প্রিজাইডিং কর্মকর্তা প্রতি ভোটকেন্দ্রে একজন করে ৫ হাজার ৮৮৪ জন। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রতি ভোটকক্ষের জন্য একজন করে মোট ৩৯ হাজার ৫১৬ জন। পোলিং কর্মকর্তার সংখ্যা ৭৯ হাজার ৩২ জন।