আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ দখল ও নানা অনিয়মের অভিযোগ এনে ১০টি উপজেলায় নির্বাচন বর্জন করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দল। এদিকে অনিয়মের প্রতিবাদে আজ সোমবার ৮ উপজেলায় ১৯ দল হরতাল ডেকেছে।
গতকাল রবিবার দুপুর ১২ টার আগেই বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, পটুয়াখালী ও চট্টগ্রাম জেলার ১০ টি উপজেলায় ভোট বর্জনের ঘোষণা দেয়া হয়। পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন দুলাল। পিরোজপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এলি জামান এবং স্বতন্ত্র প্রার্থী শাহনাজ পারভীন শানু, পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী শহিদুল রহমান তালুকদার (দোয়াত-কলম), ভোলার মনপুরা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী শামছুদ্দিন বাচ্চু চৌধুরী (বিএনপি), রাকিব চৌধুরী (স্বতন্ত্র) ও রাজিব চৌধুরী (স্বতন্ত্র) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইয়াসমিন জাহান মিনু (স্বতন্ত্র), ভোলার দৌলতখানেও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ঝালকাঠির সদর ও নলছিটিতে কেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। কারচুপির অভিযোগ এনে বরিশালের আগৈলঝাড়ায় নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি। বরিশালের বানারীপাড়ায়ও নির্বাচন বর্জন করে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী।
এছাড়া মোট ২৭ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। তারা হলেন চট্টগ্রামের আনোয়ারার বিএনপি সমর্থিত প্রার্থী, ফেনীর সোনাগাজীর বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীসহ তিন প্রার্থী, খুলনার পাঁচটি উপজেলার বিএনপি-সমর্থিত পাঁচ চেয়ারম্যান প্রার্থী, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিএনপি ও জাপা-সমর্থিত দুই প্রার্থী, ভোলার মনপুরা ও দৌলতখান উপজেলার বিএনপি-সমর্থিত দুই প্রার্থী, পটুয়াখালীর বাউফল উপজেলার চারজন প্রার্থী, চুয়াডাঙ্গার জীবননগরে সাতজন প্রার্থী, পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপি-সমর্থিত ও স্বতন্ত্র দুই প্রার্থী।
পুন:ভোটের দাবিতে খুলনার ৫ উপজেলায় আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৯ দল। গতকাল বিকাল পৌনে ৪টায় ১৯ দলের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা এ ঘোষণা দেন। উপজেলাগুলো হচ্ছে- রূপসা, দাকোপ, বটিয়াঘাটা, তেরখাদা ও ফুলতলা।
এসময় তিনি বলেন, সরকারি দল সমর্থিত প্রার্থীদের কেন্দ্র দখল, প্রকাশ্যে জাল ভোট ও প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্ভব হয়নি। এ কারণে আমরা পুনঃ ভোটের দাবি করছি। পুনঃ নির্বাচনের দাবিতে ফেনীর সোনাগাজী উপজেলায় আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি। বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে ১৯ দলীয় জোটের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনসহ অপর ৩ জন ভাইস-চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন, সৈয়দ আলম ভুঁইয়া ও জান্নাতুল ফেরদৌস মিতা এ ঘোষণা দেন।
জীবননগর উপজেলার ৫৩টি ভোট কেন্দ্রের সবগুলোতে ভোটগ্রহণ স্থগিত ও পুনরায় নির্বাচনের দাবিতে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ১৯ দল। নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে মঠবাড়িয়ায় আজ সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী রুহুল আমিন দুলাল। বরিশালের আগৈলঝাড়ায় আজ অর্ধবেলা হরতাল আহ্বান করা হয়েছে।
