ফেব্রুয়ারিতেও সব দেশ থেকে রেমিট্যান্স কমেছে

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২০:০৮
রেমিট্যান্স প্রেরণকারী প্রায় সব দেশ থেকেই জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে কম রেমিট্যান্স এসেছে। ফলে সার্বিকভাবে ফেব্রুয়ারির রেমিট্যান্সের পরিমাণ আগের মাসের তুলনায় কমেছে। ২০১৩-১৪ অর্থবছরের আট মাস ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ৯২০ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক রেমিট্যান্সের হিসেবে এ তথ্য উঠে এসেছে। দেশভিত্তিক রেমিট্যান্সের প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের জানুয়ারিতে যেখানে মোট ১২৬ কোটি ছয় লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল সেখানে ফেব্রুয়ারিতে এসেছে ১১৭ কোটি ৩১ লাখ ডলার। এ মাসে আগের মাসের তুলনায় প্রায় সব দেশ থেকেই রেমিট্যান্স কমেছে। সৌদি আরব থেকে ফেব্রুয়ারিতে ২৬ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আর জানুয়ারিতে এসেছিল ২৯ কোটি ২৫ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। এদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেব্রুয়ারিতে এসেছে ২২ কোটি ৮২ লাখ ডলার। অথচ আগের মাসে এসেছিল ২২ কোটি ৮৪ লাখ ডলার। জানুয়ারিতে কুয়েত থেকে নয় কোটি ১৬ লাখ ডলার আসলেও ফেব্রুয়ারিতে এসেছে আট কোটি ৮৭ লাখ ডলার। ওমান থেকে জানুয়ারিতে এসেছিল পাঁচ কোটি ৯৩ লাখ ডলার আর নভেম্বরে এসেছে পাঁচ কোটি ৭১ লাখ ডলার। এদিকে মধ্যপ্রাচ্যের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জানুয়ারিতে এসেছিল ২০ কোটি ১৭ লাখ ডলার আর ফেব্রুয়ারিতে এসেছে ১৯ কোটি ২৩ লাখ ডলার। একইভাবে জানুয়ারিতে যুক্তরাজ্য থেকে সাত কোটি ৮৯ লাখ ডলার আসলেও ফেব্রুয়ারিতে এসেছে ছয় কোটি ৮১ লাখ ডলার। এছাড়া অন্য সব দেশ থেকে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কমেছে।