ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল লুইজা ওর্তেগা ডায়াজ বলেছেন, রাজপথে সামপ্রতিক বিক্ষোভের সময় কথিত মানবাধিকার লঙ্ঘনের ৬০টি ঘটনা তদন্ত করা হচ্ছে। তিনি আরো জানিয়েছেন, সহিংসতায় যুক্ত থাকায় কমপক্ষে ১৫ জন কর্মকর্তাকে আটক করা হয়েছে। স্থানীয় এক টেলিভিশন চ্যানেল গত রবিবার লুইজা বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত ছয় নিরাপত্তা কর্মীসহ ৩১ জন নিহত এবং সাড়ে চারশ’র বেশি মানুষ আহত হয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হওয়া এই অস্থিরতার নেপথ্যে একটি ক্যুর পরিকল্পনা করার জন্য ভেনেজুয়েলা ‘ডানপন্থি ফ্যাসিস্টদের’ দায়ী করে আসছে। প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার বিক্ষোভে যুক্তরাষ্ট্র মদদ দিচ্ছে। লুইজা বলেন, ‘হ্যাঁ, পুলিশ বাড়াবাড়ি করেছে, আমরা এটা অস্বীকার করতে পারি না এবং অ্যাটর্নি জেনারেলের অফিস এটা তদন্ত করছে’।
