যক্ষ্মা থেকে রক্ষায় চাই সচেতনতামূলক প্রচার

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২১:৩৩
আমাদের অনেক প্রতিকূলতা থাকলেও স্বাস্থ্য খাতে এমডিজি পূরণে আমরা অনেক এগিয়েছি বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞগণ। তারা বলেন, যক্ষ্মা প্রতিরোধে বাংলাদেশ অনেক সফল। এখন আর কেউ যক্ষ্মাকে অভিশাপ মনে করে লুকিয়ে থাকে না। আর তা সম্ভব হয়েছে গণমাধ্যমের কল্যাণে। তাই তারা বলেন, জনসচেতনতার জন্য দেশের ইতিবাচক পরিবর্তনগুলো গণমাধ্যমে আরও বেশি করে তুলে ধরতে হবে। আর এক্ষেত্রে সরকারি-বেসরকারি সংস্থা, গণমাধ্যম প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি সবাই সচেতন হয়ে যার যার ভূমিকা পালন করলে বাংলাদেশ অবশ্যই যক্ষ্মারোগের ঝুঁকি থেকে মুক্ত হবে। সোমবার যক্ষ্মা বিষয়ক সাংবাদিকতায় ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জাতীয় যক্ষ্মা দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৩ সালের যক্ষ্মা বিষয়ক রিপোর্টিংয়ের উপর ভিত্তি করে তিনটি প্রতিষ্ঠান এবং জাতীয় ও আঞ্চলিক সংবাদ মাধ্যমের ২৪ জন সাংবাদিক এ পুরস্কার পান। নিজ নিজ ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে সমকাল (বাংলা দৈনিক), ফাইনান্সিয়াল এক্সপ্রেস (ইংরেজি দৈনিক) আর চ্যানেল আই (ইলেক্ট্রনিক মিডিয়া)। ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মুহাম্মদ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন নাটাবের (ন্যাশনাল এন্টি টিভি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাফফর হোসেন পল্টু, ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর ড. মোহাম্মদ আশেক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক ড. কাওছার আফসানা। আরো বক্তব্য রাখেন জুরি বোর্ডের প্রধান বার্তা সংস্থা এপির সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেন। প্রধান অতিথি ডা. দীন মুহাম্মদ নূরুল হক গণমাধ্যম কর্মীদের প্রশংসা করে বলেন, মিডিয়ার কল্যাণে আমাদের স্বাস্থ্য কর্মীদের কাজ সহজতর হয়েছে। প্রমাণস্বরূপ বলা যায়, প্রত্যন্ত এলাকার অশিক্ষিত লোকরাও ডায়রিয়া রোগীদের ওরাল স্যালাইন বানিয়ে খাওয়াতে পারে। এটা সম্ভব হয়েছে মিডিয়ার বদৌলতেই। এরপর বিজয়ীদের নাম ঘোষণা করেন ব্র্যাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সহযোগী পরিচালক ড. মো. আকরামুল ইসলাম। চ্যানেল আই-এর পক্ষে পুরস্কার গ্রহণ করে প্রতিষ্ঠানটির পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ফাইনান্সিয়াল এক্সপ্রেসের পক্ষে পুরস্কার গ্রহণ করে এর উপ-সম্পাদক শামসুল হক জাহিদ এবং সমকালের পক্ষে পুরস্কার গ্রহণ করেন যুগ্ম সম্পাদক রাশিদ উন নবী বাবু।