লাখো কণ্ঠে যোগ দেবেন ২ লক্ষাধিক পোশাক শ্রমিক

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২১:৩৫
আগামী কাল জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাজধানী ও আশপাশের এলাকার ৪৩০টি গার্মেন্টস কারখানার দুই লক্ষাধিক শ্রমিক যোগ দেবেন। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ আশা করছে এ সংখ্যা শেষ পর্যন্ত তিন লাখও ছাড়িয়ে যেতে পারে। বিজিএমইএ’র উদ্যোগে এ বিষয়ে সার্বিক তদারকি করা হচ্ছে। গতকাল বিজিএমইএ’র অডিটোরিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনের সহ-সভাপতি এস এম মান্নান কচি আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। এ সময় জানানো হয়, শ্রমিকদের প্যারেড গ্রাউন্ডে সকাল আটটার মধ্যে আসা নিশ্চিত করতে সংগঠনের ১০০ সদস্যের একটি টিম কাজ করে যাচ্ছে। এছাড়া প্রতি ৫০ জন শ্রমিকের জন্য একজন করে ব্লক সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ, মহাসচিব এহসানউল ফাত্তাহ, অতিরিক্ত সচিব মনসুর খালেদ, জগলুল হায়দার প্রমুখ।