সুপ্ত যেখানে আগ্নেয়গিরি!

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২১:৪২
দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ, অস্ট্রেলিয়া থেকে ভারত—তামাম বিশ্বের সব প্রান্তে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ান তিনি। ক্রিস্টোফার হেনরি গেইল, নামটির মানেই ক্রিকেট ভক্তদের কাছে ‘বিনোদন’। আর নিজের এমন নামের প্রতি যথেষ্ট সুবিচারও করে চলেছেন তিনি। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে করেছেন ১১টি সেঞ্চুরি আর ৩৮টি হাফ সেঞ্চুরি। ৩০.৯৭ গড়ে করেছেন ৫৮৮৩ রান। অফ ব্রেক বোলিংয়ে আছে ৬৭টি উইকেট। অবিশ্বাস্য বললেও কম বলা হয়! কিন্তু সেই মহাদানব বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে নামলেই হয়ে পড়েন অন্য একজন। টেস্ট আর ওয়ানডেতে যাই হোক না কেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে গেইলের ব্যাটিং গড় মাত্র ৩.০০! টেস্ট খেলুড়ে আর কোন দেশের বিপক্ষে এতো কম গড়ে এই ফরম্যাটে রান তোলেন নি গেইল। এই গড়ে রান করেছেন পাকিস্তানের সাথে। গেইল সবচেয়ে বেশি রান করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে ছয় ম্যাচে তার রান ২৪৬। আর সবচেয়ে বেশি গড়ে রান করেছেন ভারতের বিপক্ষে (৫১.৩৩)। টি-টোয়েন্টি বিশ্বকাপে গেইলের শুরুটা হয়েছিল বিধ্বংসী এক সেঞ্চুরি দিয়ে। ২০০৭ সালের সেই আসরেও জোহানেসবার্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ১১৭ রানের এক ইনিংস। পরের ম্যাচে তাকে নিয়ে বেশ একটা ভয়েই ছিল বাংলাদেশ। কিন্তু এ কি! গেইল যে সৈয়দ রাসেলের করা ইনিংসের মাত্র তৃতীয় বলেই আউট। সেই আগের ম্যাচে তাণ্ডব চালানো সেই ব্যাটসম্যান সেদিন কোন রানই করতে পারলেন না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেবারই প্রথম শূন্য রানে ফিরে গেলেন গেইল। এরপর মাত্র একবারই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্য রানে ফিরেছেন গেইল। সেটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০১০ সালে অ্যান্টিগার সেই ম্যাচে গেইলের ঘাতক ছিলেন ডেল স্টেইন! বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত এর পরের দুইটি টি-টোয়েন্টিতে ছিলেন না গেইল। এরপর খেলেছেন ২০১২ সালে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার সর্বশেষ টি-টোয়েন্টিতে। এবারও ক্রিস গেইলের বাংলাদেশ অভিজ্ঞতাটা বিশেষ সুবিধার হলো না। মাত্র ছয় রানে পেসার রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে ফিরলেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন এই টুর্নামেন্টেই করবেন আরেকটি সেঞ্চুরি। প্রথম দুইটি ম্যাচে সেটি আসে নি। আজকের ম্যাচে কি সেটা আসবে? পরিসংখ্যান বলছে হবে না! তারপরও আসল কাজটা করতে হবে বাংলাদেশের বোলারদেরই! টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে গেইল প্রতিপক্ষ ম্যাচ রান গড় সেরা অস্ট্রেলিয়া ৭ ২৪৬ ৪১.০০ ৮৮ বাংলাদেশ ২ ৬ ৩.০০ ৬ ইংল্যান্ড ৮ ২৪৫ ৩০.৬২ ৬১ ভারত ৩ ১৫৪ ৫১.৩৩ ৯৮ নিউজিল্যান্ড ৬ ২৪৬ ৪৯.২০ ৮৫* পাকিস্তান ২ ৬ ৩.০০ ৫ দক্ষিণ আফ্রিকা ৪ ১৩৬ ৩৪.০০ ১১৭ শ্রীলঙ্কা ৪ ৭৩ ২৪.৩৩ ৬৩*