ডটিন জেতালেন উইন্ডিজকে

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২১:৪৩
দিয়ান্দ্রা ডটিনের দুর্দান্ত বোলিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল। দিনের প্রথম ম্যাচে গতকাল তারা নয় রানে হারিয়েছে ইংল্যান্ডকে। ১৩৪ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড দারুন সূচনা পায় দুই উদ্বোধনী ব্যাটসম্যান শার্লোট ও সারাহ’র ব্যাটে। ৫.২ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে দুজনে তোলেন ৪২ রান। সারাহকে রান আউট করে এই জুটি ভাঙ্গেন ম্যাচ সেরা ডটিন। তবে সারাহ ফিরে গেলেও শার্লোট ছিলেন আরো কিছুক্ষন। পঞ্চম ব্যাটসম্যান হিসাবে দলীয় সর্বোচ্চ ৪৪ রান করে ডটিনের তৃতীয় শিকারে তিনি যখন প্যাভিলিয়নে ফেরেন জয়ের জন্য তখন ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ৪০ রান। তবে ক্যারিবীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৩০ রানের বেশী করতে পারেনি তারা। ফলে তাদের থেমে যেতে হয় ১২৪ রানে। চার ওভারের বোলিং কোটায় একটি মেডেন সহ মাত্র ১২ রানে চারটি উইকেট নেন ডটিন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার কাইসিয়া ও স্টেফানির ৪৩ ও ৫৬ রানের দুটি ইনিংসের উপর ভর করে সাত উইকেটে ১৩৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ।