কোচ নিয়ে ভাবছে ফেডারেশন

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:০৩
বাংলাদেশ হকি দল দক্ষিণ কোরিয়ায় ইনচিয়নে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে বিদেশি কোচের অধীনেই খেলবে। তবে কোন কোচ দায়িত্ব পালন করবেন, সেটা এখনও চূড়ান্ত হয়নি। তার আগে অবশ্য হকি ফেডারেশন খেলোয়াড়দের চ্যাম্পিয়ন হওয়ার নৈপুণ্যকে উদযাপন করতে যাচ্ছে। জাতীয় দলের বর্তমান কোচ পাকিস্তানের নাভিদ আলমের দ্বিতীয় দফায় বাড়ানো ছয় মাসের মেয়াদ শেষ হবে ৩০ জুন। এই মেয়াদ তৃতীয় দফায় বাড়বে কিনা তা নিশ্চিত নয়। গত রবিবার এশিয়ান গেমস হকির বাছাই পর্বের ফাইনালের পর সন্ধ্যায় এ নিয়ে হকি ফেডারেশন কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক হকি ফেডারেশন ইউরোপীয় একজন কোচ দিতে চায় বলে স্থানীয় সংগঠকরা এখন সেজন্যও অপেক্ষায় আছেন। বাংলাদেশ যদি ইউরোপীয়ান কোচ পায় তাহলে পাকিস্তানী কোচকে রাখা হবে নাকি দু’জনকেই রাখা হবে সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আন্তর্জাতিক হকি ফেডারেশন ইউরোপীয়ান কোচের বিষয়টি পরিষ্কার করলেই বাংলাদেশ হকি ফেডারেশন সিদ্ধান্ত চূড়ান্ত করবে বলে জানা গেছে। চ্যাম্পিয়ন হওয়ায় টুর্নামেন্টের বিভিন্ন স্পন্সর বাংলাদেশের খেলোয়াড়রা অর্থ পুরস্কার ঘোষণা করেছে। ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী, সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, এটিএন বাংলা, অঞ্জনস, দলের ম্যানেজার জাকি আহমেদ রিপন এক লাখ টাকা করে এবং হেলভেশিয়া ৫০ হাজার টাকা বোনাস ঘোষণা করে। ফেডারেশন থেকে খেলোয়াড়দের সংবর্ধনা দেয়ার উদ্যোগ নিতে বলেছেন সভাপতি। চ্যাম্পিয়ন হওয়ার কারণে চয়ন, কৌশিক, মিমো, অসীম গোপ, বেলাল, নান্নু, সারোয়ার, কৃষ্ণা, নিলয়দের জন্য আরো সুখবর আছে। জনতা ব্যাংক জাতীয় দলের কোচের স্পন্সর হিসেবে বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়াবে বলে মৌখিকভাবে জানিয়েছে। এছাড়ও বাছাই হকির স্পন্সর ইসলামী ব্যাংক জাতীয় দলকে দীর্ঘমেয়াদী স্পন্সর করবে বলে জানিয়ে গেছে ফাইনাল ম্যাচের পরই। ফেডারেশন সভাপতির অনুরোধে জাতীয় দলের জন্য দীর্ঘ মেয়াদে স্পন্সর হতে আগ্রহী ইসলামী ব্যাংক। একটি ৫ বছর এবং অন্যটি ১০ বছর মেয়াদী প্রকল্প পাঠাতে অনুরোধ করা হয়েছে ফেডারেশনকে। তারা যে কোনো একটিতে সহযোগিতা করবে। একই সাথে ব্যাংকটি সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য একটি টুর্নামেন্টেও স্পন্সর হতে চেয়ে তাদের আগ্রহের কথা গতকাল হকি ফেডারেশনকে জানিয়েছে । এদিকে নতুন টার্ফ স্থাপনে সরকারী অর্থ এক কোটি ১০ লাখ টাকাও অনুমোদন হয়েছে এ মাসে।