অতীত সাফল্য আর ফুটবল ঐতিহ্য বিবেচনায় ম্যানচেস্টার সিটির চাইতে দুস্তর ব্যবধানে এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু, স্যার অ্যালেক্স ফার্গুসন পরবর্তী যুগে দু’দলের পারফরম্যান্স যদি বিশ্লেষণ করা হয় সেখানে এগিয়ে আছে সিটিই। তাই ওল্ড ট্রাফোর্ডে আজ রাতের ম্যানচেস্টার ডার্বিতে স্বাগতিকদের হারিয়ে শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান কমানোর লক্ষ্য থাকবে সিটির। অন্যদিকে, অলিম্পিয়াকোসের বিরুদ্ধে দারুণ এক জয়ে চ্যাম্পিয়ন্স লিগে আশা বাঁচিয়ে রাখা ইউনাইটেডের লক্ষ্য থাকবে নগর প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় নিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা।
গত মৌসুম শেষে ডেভিড ময়েস স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসুরী হওয়ার পর থেকে হঠাত্ করেই যেন নিজেদের হারিয়ে ফেলেছে ইউনাইটেড। ১৩৬ বছরেরও বেশী পুরনো ক্লাবটি এরই মধ্যে একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ বাদে চলতি মৌসুমের সবগুলো প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে। মাত্র আট রাউন্ড বাকি থাকতে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে ইউনাইটেডের অবস্থান এখন সপ্তম। ফলে, আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে কিনা জেগেছে সেই শঙ্কাও। এ সবকিছুর ফলাফল স্বরূপ কিছুদিন ধরেই ময়েসকে কোচের পদ থেকে অপসারণের দাবিতে সরব সমালোচকরা। তাই আজ লড়াইটা মূলত দুই দলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এই ম্যাচে ইউনাইটেড কোচ ময়েসের থাকবে কিছু ব্যক্তিগত লক্ষ্যও। এর মধ্যে অন্যতম হচ্ছে সমালোচকদের মুখ বন্ধ করা।
এভারটনের কোচ হিসাবে দশ বছর কাটানো ময়েস জানালেন এই ম্যাচকে ঘিরে তার আত্মবিশ্বাসের কথাও। ওয়েইন রুনির দুই গোলে আপটন পার্কে স্বাগতিক ওয়েস্ট হ্যামকে দুই গোলে হারানোর পর এই স্কটিশ বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে পরবর্তী ম্যাচেও পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারবো।’
চেলসির চেয়ে তিন ম্যাচও কম খেলে তাদের চাইতে ছয় পয়েন্ট পিছিয়ে পড়ে তৃতীয় স্থানে থাকা সিটি আজ দলে পাচ্ছে না তাদের মূল স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে। হ্যামস্ট্রিং চোটের কারণে আরো এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে এই আর্জেন্টাইনকে। তার পরিবর্তে এডিন জেকোই হয়তো নেবেন আক্রমণভাগের দায়িত্ব।
তবে চোট সমস্যাকে মোটেই বড় কিছু বলে ভাবতে নারাজ সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি। এই চিলিয়ান বলেন, ‘আমরা এমন দল নয় যে, কেবল একজন স্ট্রাইকারের উপর নির্ভর করে আমাদের মাঠে নামতে হবে। গত সপ্তাহে অ্যাগুয়েরো এবং জোভেটিককে নিয়ে হয়তো কিছু সমস্যা ছিল। এখন জোভেটিক ফিরছে এবং অ্যাগুয়েরোর ফিরতে হয়তো আরো সপ্তাহখানেক লাগবে। যদি তারা গোল করতে না পারে, তাহলে সেটা করার আরো খেলোয়াড় আছে।’
এদিকে, সর্বশেষ ম্যাচে চেলসির কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়া আর্সেনাল আজ লড়বে সোয়ানসি সিটির বিরুদ্ধে।
