বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কর্মচারীরা ভারপ্রাপ্ত সচিব ও হিসাবরক্ষককে অবরুদ্ধ করেছেন। রবিবার সকালে বিক্ষুব্ধ কর্মচারীরা ওই দুই কর্মকর্তার কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন এবং বেলা সোয়া ১২টা পর্যন্ত তা অব্যাহত ছিল। আন্দোলনকারী কর্মচারীরা জানান, পৌরসভায় বর্তমানে ৪২ জন কর্মচারী কাজ করছেন। গত ১৩ মাস থেকে বেতন ও ভাতা বকেয়া রয়েছে। এর আগেও বকেয়া বেতন ও ভাতার দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্ণপাত না করায় কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। একটি সূত্রের অভিযোগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম দুই দফায় ক্ষমতায় থাকাকালে প্রয়োজনের অতিরিক্ত কর্মচারী নিয়োগ করেন। তার ক্ষমতা হস্তান্তরের সময় বিদ্যুত্ ও টেলিফোন বিলসহ আনুষঙ্গিক অন্যান্য খাতে ঋণের পরিমাণ ছিল আড়াই কোটি টাকা।
সূত্রটি আরো জানায়, পৌরসভার প্রধান আয়ের খাত মহিশালবাড়ি পশু হাট। প্রতিবছর এ খাত থেকে আড়াই কোটি টাকা আয় হতো। কিন্তু গত তিন বছর থেকে তাও বন্ধ হয়ে গেছে। এ কারণে পৌরসভার অভ্যন্তরীণ আয়ে চরম স্থবিরতা বিরাজ করছে। এসব ব্যাপারে পৌরসভার মেয়র আমিনুল ইসলাম বলেন, আমি ছুটিতে আছি। শুনেছি ভারপ্রাপ্ত সচিব সারওয়ার জাহান ও হিসাবরক্ষক হেলাল উদ্দিনকে কর্মচারীরা অবরুদ্ধ করে রাখা হয়।
