উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে এবং নকল ভোট প্রদানে বাধা দেয়ার সময় বিজিবির গুলিতে যুবদল নেতা নিহতের ঘটনায় গতকাল সোমবার ৩ উপজেলায় হরতাল পালিত হয়। ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতার পাঠানো খবর।
সাতক্ষীরা প্রতিনিধি:জেলার কলারোয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ টি কেন্দ্রে ভোট ডাকাতি, অনিয়ম, জালভোটের প্রতিবাদে এবং পুনরায় ভোট গ্রহণের দাবিতে গতকাল আধাবেলা হরতালের ডাক দেয় উপজেলা জামায়াত। কলারোয়া থানার ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন বলেন, হরতাল সমর্থনে উপজেলায় কোন ধরনের মিছিল, সমাবেশ, পিকেটিং হয়নি। অধিকাংশ দোকান খোলা ছিল। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। এদিকে নির্বাচন কমিশনে আবেদন করেছেন জামায়াত দলীয় চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম মুকুল।
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা:উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, অগ্নিসংযোগ ও ভোট ডাকাতির প্রতিবাদসহ নির্বাচন বাতিলের দাবিতে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়। জেলা ১৯ দলীয় ঐক্যজোটের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রহুল আমীন এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:জেলার আখাউড়ায় বিজিবির গুলিতে যুবদল নেতা নিহতের প্রতিবাদে গতকাল সোমবার আধাবেলা হরতাল পালন করেছে উপজেলা বিএনপি। উপজেলা নির্বাচনে গত রবিবার বিকালে জাল ভোট প্রদানে বাধা দেয়ার ঘটনায় তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বিজিবির গুলিতে উপজেলা যুবদল সহ-সভাপতি হাদিস মিয়া নিহত হওয়ার ঘটনায় এ হরতালের ডাক দেয়া হয়।
হরতাল চলাকালে শহরের দলীয় সড়ক বাজার মায়াবী সিনেমা হল চত্বরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের কয়েকশ নেতা-কর্মী জড়ো হয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। দুপুর ১২ টা পর্যন্ত পৌরশহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এ সময় শহরে কোন প্রকার যান চলাচল করেনি। এদিকে ময়না তদন্ত শেষে গতকাল বাদ আছর নিহত হাদিস মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।
