ডিইপিজেডে ৬ কারখানাকে পরিবেশ দূষণের অপরাধে ৫ কোটি টাকা জরিমানা

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:২১
পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ঢাকা জেলার সাভার উপজেলার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ৬টি ডায়িং কারখানাকে ৫ কোটি ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দূষণবিরোধী অভিযানের কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ওই ৬ কারখানার মালিক ও প্রতিনিধিকে ঢাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে তলব করে শুনানি গ্রহণ শেষে এ জরিমানা দণ্ড প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অপরিশোধিত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই বাইপাসের মাধ্যমে পাশের তুরাগ নদীতে ফেলে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করার অপরাধে ঢাকা জেলার সাভার উপজেলাধীন ঢাকা ইপিজেড এলাকায় অবস্থিত জং শাইন টেক্সটাইল মিলস লিমিটেডকে ১ কোটি ৬০ লাখ টাকা, রিং সাইন টেক্সটাইল মিলস লিমিটেডকে ১ কোটি ৬০ লাখ টাকা, কুং কেং টেক্সটাইল (বিডি) কোং লিমিটেডকে ৩৮ লাখ টাকা, মেসার্স গ্রামীণ নিটওয়্যার লিমিটেডকে ২০ লাখ টাকা এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং অপরিশোধিত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই বাইপাসের মাধ্যমে পাশের তুরাগ নদীতে ফেলে পরিবেশের ক্ষতিসাধনের অপরাধে একই এলাকায় অবস্থিত মেসার্স শাহ শাহ ডেনিমকে ১ কোটি ২৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর বলেন, ইপিজেডের ভেতরে কারখানাগুলো পরিবেশসম্মতভাবে পরিচালনা ব্যবস্থাপনা নিশ্চিত করার দায়িত্ব বেপজা কর্তৃপক্ষের হলেও তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। বেপজার জেনারেল ম্যানেজার মো. আশরাফুল ইসলাম বিষয়টি স্বীকার করেন। ভবিষ্যতে তিনি আরো সতর্ক এবং পরিবেশ অধিদপ্তরের সাথে একসাথে কাজ করার প্রতিশ্রতি দেন।