‘এটা মুক্তিযোদ্ধাদের দেশ আবার জানিয়ে দিতে চাই’

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:২১
আগামী ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠান শুধু বিশ্বরেকর্ড গড়ার জন্য নয়, মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করাই প্রধান লক্ষ্য। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করাও এর অন্যতম লক্ষ্য। গতকাল সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের জাতীয় সঙ্গীতের মহড়া অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বক্তারা আরো বলেন, ২৬ মার্চ নতুন করে আবারও জানিয়ে দিতে চাই, এটা মুক্তিযোদ্ধাদের দেশ। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার স্থান এখানে হবে না। যুদ্ধাপরাধীদের বিচারে ওইদিন সরকার আবারও নতুনভাবে শপথ নিতে চায়। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আমরা যুদ্ধে আছি। জঙ্গিবাদ বনাম গণতন্ত্রের যুদ্ধ। এখানে মাঝপথে থাকার সুযোগ নেই। যারা মধ্যপথে থাকবে তারা দালাল। তাদের নির্মূল করতে হবে। জিয়াউর রহমানের সমালোচনা করে তিনি বলেন, জিয়া ও মোস্তাক বঙ্গবন্ধু হত্যার অপরাধ করেছে। তারা বাংলাদেশের ইতিহাস হত্যার জন্য দায়ী। তারা গণমানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে। বেইমানদের ক্ষমা নেই, সাপের শেষ রাখতে নেই বলেও মন্তব্য করেন তিনি। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়া আমাদের মূল লক্ষ্য নয়। এর মধ্য দিয়ে অপশক্তিকে পরাজিত করে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করতে চাই।