ভোট কারচুপি হলে বরদাশত করা হবে না :সাদেক সিদ্দিকী

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:২২
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী ও দলের অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী গতকাল সোমবার সখীপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। পথসভায় তিনি দুই উপজেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে অধিক গুরুত্বসহকারে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কেউ যাতে ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন করে পক্ষে টানার চেষ্টা করতে না পারে। উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সাদেক সিদ্দিকী বলেন, ভোটাররা সত্ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপারে তিনি বলেন, ভোটারদের অর্থের লোভ দেখানো হচ্ছে বলে অনেক অভিযোগ শুনেছি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উপ-নির্বাচনে কোন অনিয়ম ও ভোট কারচুপি হলে তা বরদাশত করা হবে না। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পৌরসদরসহ আশপাশের এলাকাতে গণসংযোগ ও পথসভা করে সাদেক সিদ্দিকী ভোট চান। এসময় বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া অনেক নারী ভোটারও সাদেক সিদ্দিকীকে দোয়া করেন। জেপি নেতার সঙ্গে গণসংযোগকালে জেলা-উপজেলাসহ তৃণমূলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সাদেক সিদ্দিকী বলেন, আমি অহিংস রাজনীতি করি। এ আসনে নির্বাচনে যাতে সহিংসতা না হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনকে সজাগ দৃষ্টি রাখতে হবে।