নওগাঁ মান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ও তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বহিষ্কারের এ দাবি করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দের উদ্যোগে রবিবার নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনাতয়নে উপজেলা তৃণমূল নেতাকর্মীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৈনম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মিরাজুল ইসলাম। এ সময় কসব ইউনিয়নের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছোলায়মান আলী, উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগাঠনিক সম্পাদক এসএম মাসুদ, মৈনম ইউনিয়নের কৃষক লীগের সভাপতি হারুনূর রশীদ, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের সভাপতি আহসান হাবিবসহ উপজেলা আওয়ামী লীগের ও বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতৃবৃন্দ-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
