বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য চষে বেড়ালেও শেষ পর্যন্ত চতুর্মুখী লড়াই জমার সম্ভাবনা। স্থানীয় এ নির্বাচনে দলীয়ভাবে প্রার্থীদের সমর্থন ঘোষণা করায় দলের নির্দেশ অমান্য এবং নির্দলীয় ব্যানারের প্রার্থীরা তেমন সুবিধা করতে পারছেন না।
তবে প্রত্যেকে দলের নামে প্রান্ত অঞ্চলে ভোট প্রার্থনা করছেন। চেয়ারম্যান পদে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির একক প্রার্থী হলেও আওয়ামী লীগের রয়েছেন ৩জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাথিউরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান খান, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাশেম পল্লব এবং যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা কে. এইচ খসরু। দলের তৃণমূল নেতাদের ভোটে আতাউর রহমান নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগ তাঁকে দলের প্রার্থী ঘোষণা করে দলের অন্যান্য প্রার্থীদেরকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেয়।
নির্দেশনা অনুযায়ী মনোনয়ন দাখিলকারী আওয়ামী লীগের বাদবাকি চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও খসরু ও পল্লব নির্বাচন করতে এখনো অনঢ় অবস্থানে রয়েছেন। ফলে উপজেলা আওয়ামী লীগে অনৈক্য থেকে গেল। অপর দিকে বিএনপির একক প্রার্থী জেলা যুবদলের সভাপতি এম এ মান্নান এবং নাগরিক কমিটি মনোনীত প্রার্থী, উপজেলা জামায়াতের আমীর মাওঃ ফয়জুল ইসলাম নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন।
বিএনপির একাংশের পক্ষ থেকে মান্নানকে ১৯ দলের প্রার্থী বলে প্রচারণা চালানো হলেও জামায়াত তা অস্বীকার করেছে। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেও সংক্ষিপ্ত সময়ের প্রচার-প্রচারণা ভোটারদের বিশ্লেষণ এবং সাধারণ জনগণের বিবেচনায় এখন পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমান, বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব, বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান ও জামায়াত সমর্থিত প্রার্থী মাঃ ফয়জুল ইসলাম এগিয়ে রয়েছেন।
