দ. আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:৩৬
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী মো. রিপন মিয়াকে (৩৫) একদল সন্ত্রাসী গুলি করে হত্যা করেছে। ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার টাকা চেয়ে সময়মত না পেয়ে সন্ত্রাসীরা তরুণ এই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বলে তার পরিবার জানিয়েছে। রিপনের পিতার নাম আবু তাহের মিয়া, বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে । গতকাল সোমবার রিপনের পারিবারিক সূত্র জানায়, তিন বছর ধরে সে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছে। গত কয়েক দিন ধরে তার দোকানে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে আসছিল। গত রবিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে ৪/৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী ঢুকে রিপনকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলি রিপনের বুক ও গলায় বিদ্ধ হয়। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন গুলির শব্দ পেয়ে ছুটে এসে রিপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সে মারা যায়। এ দিকে রিপনের হত্যার খবর গতকাল সোমবার তার গ্রামের বাড়িতে এসে পৌঁছালে এক হূদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।