রাজনৈতিক সমাধান ছাড়া নতুন নির্বাচন উচিত নয়

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:৩৭
বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, একটি টেকসই রাজনৈতিক সমাধান ছাড়া নতুন নির্বাচন হওয়া ঠিক নয়। রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে সমঝোতায় পৌঁছতে সংলাপে বসতে হবে। গতকাল সোমবার দুপুরে গুলশানে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন কালে একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিটিশ দূত সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের ‘প্রভাব বিস্তার’ ও অনিয়মের প্রতিটি ঘটনায় স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। এটা খুবই উত্সাহব্যঞ্জক যে সব দল স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছে। তবে সহিংসতা, বাধা প্রদানের ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনা সত্য হলে সেগুলো কোনভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচনে হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার কাম্য নয়। নির্বাচন কমিশনকে আইন ও বিধি ভঙ্গ, সীমা লংঘনের ঘটনার তদন্ত করতে হবে। কোন বাধা বা ভয়ভীতি ছাড়াই ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার সুযোগ দিতে হবে। যুক্তরাজ্য অস্ট্রেলিয়া যৌথ ভিসা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক জোস-আলভার্নজ। গুলশান ২ নম্বরের ৪৫ নম্বর সড়কের ৩৭ নম্বর প্লটে অবস্থিত ডেল্টা লাইফ টাওয়ারে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্র সোমবার থেকে চালু হয়েছে। ব্রিটিশ হাইকমিশনার জানান, এই নতুন কেন্দ্রে ভিসা প্রার্থীদের জন্য অত্যাধুনিক সেবার ব্যবস্থা রয়েছে। এই নতুন ভিসা কেন্দ্র চালুর মাধ্যমে যুক্তরাজ্য সরকারের সদিচ্ছার প্রমাণ হচ্ছে। বাংলাদেশি ভিসা আবেদনকারীদের মধ্যে প্রত্যাখ্যানের হারও কমে এসেছে। ৭০ শতাংশ আবেদনকারীকে ভিসা ইস্যু করা হচ্ছে। এখনও স্বল্পসংখ্যক আবেদনকারী জালিয়াতির আশ্রয় নিচ্ছে। গড়ে প্রতি বছর ৩০ হাজার বাংলাদেশি ভিসার জন্য আবেদন করে থাকে। গত বছর ১৫ হাজার ভ্রমণ ভিসা ইস্যু করা হয়। শিক্ষার্থী ভিসা দেয়া হয় আট হাজার ছাত্রকে। এ বছর ভিসা ইস্যুর হার আরো বাড়বে।