বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সারাদেশে চতুর্থ দফা উপজেলা নির্বাচনে ভোট ডাকাতির মহোত্সব চললেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম দাবি করেছেন, অতীতের তিন দফার চেয়ে এবার নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভোট ডাকাতির কোন ঘটনা ঘটেনি। এইচ টি ইমাম এই বক্তব্যে মিথ্যাচার করেছেন। তাকে বলবো, ভোট ডাকাতি যে হয়নি তার প্রমাণ হাজির করুন।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।
রফিকুল ইসলাম মিয়া আরো বলেন, গণমাধ্যমে ব্যাপকহারে নির্বাচনে ভোট ডাকাতি ও সহিংসতার খবর এসেছে। তাহলে প্রমাণ হাজির করুন- গণমাধ্যমের এসব খবরও মিথ্যা।
পুলিশ প্রশাসন দিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলন ঠেকানো যাবে না মন্তব্য করে তিনি বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে অযথা মিথ্যা মামলা ও হয়রানিমূলক গ্রেফতার বন্ধ করার আহ্বান জানান।
সংগঠনের সভানেত্রী শ্যামা ওবায়েদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিতাই রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।
