ভোট জালিয়াতির অভিযোগে যশোর জেলায় এবং ফেনীর ফুলগাজী উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। যশোর অফিস জানায়, সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, যশোর সদর উপজেলায় অন্তত ৮১টি কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে। প্রশাসনের সহযোগিতায় ক্ষমতাসীন দলের প্রার্থী শাহিন চাকলাদারের লোকজন ওই কেন্দ্রগুলোতে হানা দিয়ে সব ভোট কেটে নিয়েছে।
পরশুরাম সংবাদদাতা জানান, ফেনীর ফুলগাজী উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি। সোমবার দুপুরে ফুলগাজী উপজেলা বিএনপি সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী মিনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতালের বিষয়টি জানানো হয়। তিনি জানান, সোমবার অনুষ্ঠিত ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি কেন্দ্রের ফলাফল বাতিলের দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।
