হতাশা কাটানোর মিশন আজ

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:৪৭
আন্তর্জাতিক খেলার উইকেট বিশ্রামের দিনে ঢেকে রাখাই নিয়ম। পরিচর্যার সময়টুকু বাদ দিলে ঘোমটার আড়ালেই থাকে সে উইকেট। গতকাল দুপুর গড়াতে না গড়াতেই উইকেট তো বটেই, প্রায় পুরো মাঠই ঢেকে ফেলা হলো আধুনিক কাভার দিয়ে। কারণ একটাই, আকাশ জুড়ে মেঘ ঘনিয়ে এসেছে। দুপুরের প্রখর রোদকে হঠিয়ে হঠাত্ আকাশে এই মেঘের আনাগোনায় তৈরি হয়েছে বৃষ্টির শঙ্কা। এই শঙ্কা মাথায় নিয়ে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম সুপার টেন ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইতিমধ্যে এক ম্যাচ হেরে বসা ওয়েস্ট ইন্ডিজ। ভালো শুরুর প্রত্যয় নিয়ে বাংলাদেশ এবং লড়াইয়ে ফেরার আশায় ওয়েস্ট ইন্ডিজ আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মুখোমুখি হবে এই ম্যাচে। বাংলাদেশের জন্যও এই ম্যাচটা এক অর্থে ফিরে আসার লড়াই। সুপার টেনে বাংলাদেশ এখনো কোনো ম্যাচ না হারলেও প্রথম পর্বের শেষটা হয়েছিল তাদের হংকংয়ের বিপক্ষে দারুণ অনাকাঙ্ক্ষিত এক পরাজয় দিয়ে। যে পরাজয়ের তোড়ে আসলে হারিয়েই গেছে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্স। বাংলাদেশ দল এখন আজকের ম্যাচে আরেকটা দাপুটে পারফরম্যান্স দিয়ে অন্তত হংকং-ভূতটাকে তাড়াতে চায়। অন্যদিকে স্পিনের বিপক্ষে চিরকালীন দুর্বলতা ও সিঙ্গেল-ডাবল নেয়ায় দুর্বলতাটা আরেকবার ফুটিয়ে তুলে ওয়েস্ট ইন্ডিজ আগের দিনই তাদের প্রথম ম্যাচ হেরেছে ভারতের বিপক্ষে। তাদের কোচও গতকাল সংবাদ সম্মেলনে বললেন, এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে ফিরতেই হবে তাদের এবং সে জন্য মরিয়া হয়েই নামবে আজ বাংলাদেশ। ম্যাচের ভাগ্য যদি বৃষ্টির হাতে চলে না যায়, তবে উইকেট স্বভাবতই স্পিনারদের সহায়তা দেবে। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ দিনে অন্তত ঝড়-বৃষ্টির জোর সম্ভাবনা আছে। আর তেমন ক্ষেত্রে রাতে খেলা হলেও শিশিরের জোর দাপট থাকবে; সেটা আবার যাবে স্পিনারদের বিপক্ষেই। তারপরও দুই দলই মানছে, আজ খেলাটা গড়ে দিতে পারেন স্পিনাররাই। বাংলাদেশের অধিনায়ক পরিষ্কার বলে গেলেন, ক্যারিবীয়দের অন্তত স্পিনেই ঘায়েল করতে চান তারা। সে জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ রেকর্ডের মালিক এবং ক্রিস গেইলকে থামিয়ে রাখতে পারা সোহাগ গাজী আজ দলে ঢুকছেন, এটা একরকম নিশ্চিত। নিশ্চিত আজ ফরহাদ রেজার বদলে জিয়াউর রহমানের খেলাও। এই দুইটি পরিবর্তন ছাড়াও দলে কয়েকটি পরিবর্তনের গুঞ্জন আছে। শেষ পর্যন্ত পরিবর্তন যাই হোক, বাংলাদেশকে মাঠে খেলেই জিততে হবে। মাঠের খেলায় অন্তত এই টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ঠিক একই অবস্থায় আছে। এখন পর্যন্ত দুই দল চার বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে; দুই বার করে জিতেছে দুই দলই। আর বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ২০০৭ বিশ্বকাপের সে ম্যাচে জিতেছিল বাংলাদেশ। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এবার দেখার বিষয়- চার বিশ্বকাপ পরে এসে আরেকটি মূল পর্ব সেই ওয়েস্ট ইন্ডিজকে বধ করেই তারা শুরু করতে পারে কি না।