শীর্ষ নেতাদের দ্বন্দ্বে চরম সংকটে বিজেপি

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:৪৯
লোকসভা নির্বাচনের আগে শীর্ষ নেতাদের দ্বন্দ্বে চরম সংকটে পড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর জেদের কাছে হার মানতে হচ্ছে একের পর এক বর্ষীয়ান নেতাকে। বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আদভানির মতো সংসদীয় আসন নিয়ে ‘বিদ্রোহ’ করে বসেছিলেন যশোবন্ত সিং। কিন্তু মোদীর ইচ্ছাতেই দল যশোবন্তকে তার পছন্দের আসনে মনোনয়ন দেয়নি। শেষমেশ বিজেপি থেকে নির্বাচন না করার ঘোষণা দিলেন যশোবন্ত। তিনি বলেছেন, নির্দলীয় প্রার্থী হিসেবেই তিনি তার পছন্দের আসন বারমের থেকে লড়বেন। একই সাথে তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কঠোর আক্রমণ করেছেন। খবর জি নিউজ ও এনডিটিভির। দলকে বিড়ম্বনায় ফেলে নির্দলীয় হয়ে বারমের থেকেই যশোবন্ত মনোনয়ন পেশ করলেন। তাকে অন্য আসনে নিয়ে দলে ভাঙন ঠেকাতে বিজেপির কোনও চেষ্টাই কাজে এল না। গতকাল তিনি রাজস্থানের বারমের লোকসভা আসন থেকে ভোটে লড়বেন এমন ঘোষণা দিয়ে মনোনয়নপত্র পেশ করেন। শুরু থেকেই নিজের পছন্দের আসন বারমের আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনড় ছিলেন যশোবন্ত। কিন্তু বিজেপি কিছুতেই তাকে ওই আসনে লড়তে দিতে রাজি হয়নি। দলের এই প্রবীণ নেতাকে শান্ত করতে বিকল্প প্রস্তাব দিয়েছিলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। ভোটের পর ‘ক্ষতি’ পুষিয়ে দেবেন, দলের সভাপতির এই আশ্বাসে আরও ক্ষুব্ধ হন যশোবন্ত। তবে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ার ঘোষণা দিলেও দল ছাড়ার কথা ঘোষণা করেননি এই বিদ্রোহী নেতা। তবে যশোবন্তের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নিচ্ছে না বিজেপি। শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন কিনা তা দেখেই সিদ্ধান্ত নেবে দল। তবে দলের কোনও সিদ্ধান্ত নিয়েই যে তিনি এখন ভয় পাচ্ছেন না তা বুঝিয়ে দিয়েছেন যশোবন্ত। উল্টো তিনি বলেন, এসব ‘নমো নমোর (নরেন্দ্র মোদীর) তামাশা। আমি দলকে বিদায় জানাব না। দল যদি আমাকে অব্যহতি দেয়, সেটা সাদরে গ্রহণ করব। বল ঠেলে দিলাম দলের কোর্টে। কিন্তু কারো অন্যায় সিদ্ধান্তের কাছে মাথা নত করব না।