নগর সংস্কৃতি

দেশ স্বাধীন হলেও সংকট শেষ হয়নি :বীরমাতা কাঁকন দেবী

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:৪৯
‘জয় জয় জননী বাংলা’ শ্লোগান নিয়ে কেন্দ ীয় শহীদ মিনারে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিন দিনের স্বাধীনতা উত্সব। উত্সবের উদ্বোধন করেন বীরমাতা কাঁকন দেবী। শুরুতেই শহীদ মিনারে বাঙালি সকল আন্দোলনের শহীদ স্মৃতির পুষ্পার্ঘ্য নিবেদন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা পরিবেশন করেন দেশের গান। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আইটিআই বিশ্ব কেন্দ্রের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর ও পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাসান আরিফ। কাঁকন দেবী বলেন, পাকিস্তানি বাহিনীর গোপন ষড়যন্ত্রের খবর মুক্তিবাহিনীর নিকট সরবরাহ করার সময় হানাদার বাহিনী আমাকে ধরে নিয়ে যায়। একের পর এক নিপীড়ন চালিয়ে আমাকে স্বদেশের নাম ভুলিয়ে দিতে চায়। কিন্তু আমি তখনও বিশ্বাস করতাম এদেশ একদিন স্বাধীন হবে। আর এজন্য আমার মতো একজন মানুষের জীবন চলে গেলে যাক। এ দেশে জন্মেছি, এ দেশের মাটি নুন খেয়েছি আর এ দেশের জন্য মরতে পারব না? আমি বেঁচে আছি দেশও আজ স্বাধীন হয়েছে। কিন্তু সংকটের শেষ হয়নি। উত্সবের ঘোষণাপত্র পাঠ করেন জোটের নির্বাহী সদস্য আফজাল হোসেন। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এর শুরুতেই গণসংগীত পরিবেশন করেন গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা। তারা গেয়ে শোনান ‘তীর হারা এ ঢেউয়ের সাগর’ ও ‘ভয় কি মরণের’ গানটি। এরপর অনীক বসুর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করেন স্পন্দনের নৃত্যশিল্পীরা। তারা ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’ ও ‘মুক্তির মন্দির সোপান তলে’ গানের তালে নৃত্য পরিবেশন করেন। এরপর মৈত্রী শিশু দল আবৃত্তি করে আবৃত্তি প্রযোজনা ‘সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার’। সবশেষে কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ করে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। সৈয়দ শামসুল হক রচিত এ কাব্যনাট্যটি নির্দেশনা দেন ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়। শহীদ মিনার ছাড়াও রবীন্দ্র সরোবরে চলছে স্বাধীনতা উত্সব। আজ ২৫ মার্চ কালো রাত স্মরণে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ও রাত ৯টায় রাজারবাগ পুলিশ লাইনে প্রদীপ প্রজ্বলনের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।