গার্মেন্টস পল্লী স্থাপনে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
গতকাল সোমবার সচিবালয়ে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের সাত সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, গার্মেন্টস পল্লী স্থাপনে বাউশিয়াতে সরকার ৫শ’ একর জমি দিয়েছে। এখানে গার্মেন্টস কারখানাগুলো ক্রমান্বয়ে স্থানান্তর করা হবে। ভবন স্থানান্তর যে সময় সাপেক্ষ এটা ইইউ প্রতিনিধিদল বুঝতে পেরেছেন। এছাড়া অগ্নি নিরাপত্তার উপকরণসমূহ আমদানিতে শুল্ক হ্রাস কিংবা শুল্ক মুক্ত করার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।
বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান জেন লামবার্ট । বাণিজ্য সচিব মাহবুব আহমেদসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জেন লামবার্ট সাংবাদিকদের বলেন, রানা প্লাজা ধসের ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন। এ ঘটনার পর বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে যে পরিকল্পনা নেয়া হয়েছিল তার অগ্রগতি জানতেই আমরা এখানে এসেছি।
