পাটসূতা শিল্পখাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশ থেকে যে পাটপণ্য রফতানি হয় তার ৬৮ শতাংশ পাটসূতা। পাটসূতা মিলগুলোর বার্ষিক উত্পাদন ক্ষমতা সাত লাখ টন। বর্তমানে এক লাখ টন উত্পাদন অব্যবহূত রয়েছে। দেশে আরো পাটকল স্থাপিত হতে যাচ্ছে। তখন এ শিল্পের মোট উত্পাদন ক্ষমতা দাঁড়াতে নয় লাখ টনে। আর তাতে উত্পাদন ক্ষমতা প্রায় চার লাখ টন অব্যবহূত থাকবে। এ কারণে চাহিদা ও সরবরাহের মধ্যে যে বিরাট ব্যবধান রয়েছে তা আরো বেড়ে যাবে ও বাজারে বিরুপ প্রভাব পড়বে। যা এ শিল্পের জন্য অশুভ বার্তা এবং রুগ্ন শিল্পে পরিণত হওয়ার পথে। গত সোমবার বাংলাদেশ জুট স্পীনার্স এসোসিয়েশনের (বিজেএসএ) ৩৫ তম সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি সাব্বির ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যরা উপস্থিত ছিলেন। বর্তমানে দেশে মোট ২৪৯টি পাটকল রয়েছে।
