নৈশপ্রহরী নিয়োগে কোটার দাবিতে মুক্তিযোদ্ধাদের মিছিল

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২১:০১
ভুরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী নিয়োগে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটার দাবিতে মুক্তিযোদ্ধারা মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করেছে। এসময় মুক্তিযোদ্ধারা উপজেলা শিক্ষা অফিসারের অফিসের আসবাবপত্র ভাঙ্গচুর করে। জানা গেছে , উপজেলার ২১টি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগের বিজ্ঞপ্তি প্রদান করে গত ২৪ মার্চ লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য শতকরা ৩০ ভাগ কোটা দাবি করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ৩টি পদ ছেড়ে দেবার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে ২টি পদ দেয়ায় মুক্তিযোদ্ধারা ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে ও শিক্ষা অফিসের আসবাবপত্র তছনছ ও ভাংচুর করে। পরে তাদের দাবির প্রেক্ষিতে নৈশ প্রহরী নিয়োগ স্থগিত ঘোষণা করা হয়। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ১২টি পদ ছেড়ে দিতে হবে । তা না হলে মুক্তিযোদ্ধারা ২৬ মার্চ অনুষ্ঠানে যোগদান করবে না। উপজেলা নির্বাহী অফিসার এ জেএম এরশাদ আহসান হাবিব জানান, তাদের দাবি মোতাবেক ৩টি পদ ছেড়ে দেয়া হয়েছে।