বিভিন্ন স্থানে ১৩ জনের মৃত্যু

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২১:০২
দেশের বিভিন্ন স্থানে লাশ উদ্ধারসহ পৃথক ঘটনায় ১৩ জন মারা গেছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কুমিল্লায় যুবকের লাশ কুমিল্লা তিতাস উপজেলার গোপালপুর এলাকায় একটি ব্রিজের নিচ থেকে গত সোমবার হোসেন (২৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গোপালপুর গ্রামের মৃত রেনু মিয়ার পুত্র। তিতাস থানার ওসি নবীর হোসেন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মা ফাহিমা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। লোহাগাড়ায় ছাত্রের লাশ উদ্ধার চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বোয়ালিয়া খাল থেকে গত রবিবার আবু ছালেহ মুহাম্মদ নোমান (১১) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। সে উত্তর কলাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং পূর্ব লোহাগাড়া হাজির পাড়ার ফয়েজ আহমদের পুত্র। সদরপুরে ছাত্রীর আত্মহত্যা ফরিদপুরের সদরপুর উপজেলার মুন্সীরচর গ্রামে গত সোমবার সকালে রশিদ বেপারীর কন্যা রুপা আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেন। সে চন্দ্রপাড়া সুলতানীয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে সদরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিবগঞ্জে লাশ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামে গত সোমবার তানজিলা বেগম (৫০) নামে এক মহিলার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তানজিলা নিজাম উদ্দীন মন্ডলের স্ত্রী। শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, তানজিলা বেগম নিজ বাড়িতে গলা কেটে আত্মহত্যা করেন। স্বরূপকাঠিতে লাশ উদ্ধার পিরোজপুরের স্বরূপকাঠির সন্ধ্যা নদী থেকে নিখোঁজের তিনদিন পর গতকাল মঙ্গলবার সকালে জিতু (৮) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। জিতু নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। লেমুয়ায় মস্ককবিহীন লাশ ফেনীর লেমুয়ার চর কালিদাশ পাহাড়িয়া নদী থেকে গতকাল মঙ্গলবার সকালে আবুল কালাম (২৬) নামে এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পিতা জলিলুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে ফেনী থানায় মামলা করেছেন। গোবিন্দগঞ্জে গলা কাটা লাশ গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্যালোমেশিন ঘর থেকে গতকাল মঙ্গলবার রবিউল ইসলাম নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, মেশিন ঘরে নিয়মিত জীনের বাদশা প্রতারক চক্র ও জুয়াড়ুদের আসর বসতো। নিজেদের মধ্যে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সীতাকুণ্ডে যুবকের লাশ সীতাকুন্ডের ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এলাকায় হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় (২১) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, কেউ যুবককে হত্যা করে ১০ থেকে ১৫ দিন আগে মাটিতে পুঁতে রাখে। গাইবান্ধায় গৃহবধূর লাশ গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ চাপাদহ গ্রামে মাটির নিচ থেকে গত সোমবার হোসনে আরা বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হোসনে আরা ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। এ ঘটনায় পুলিশ রবিউলের বাবা মোকছেদ আলী ও মা রুমানা বেগম নামে দুইজনকে পুলিশ আটক করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, সাত বছর আগে পশ্চিম কোমরনই কুরারবাতা গ্রামের হোসনে আরার সাথে রবিউল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর এক পুত্র সন্তানের মা হন হোসনে আরা। এদিকে দুই বছর আগে রবিউল ইসলাম কাজের জন্য ঢাকায় যান। সেখানে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে প্রথম স্ত্রীর সাথে তার দাম্পত্য কলহ চলে। একপর্যায়ে হোসনে আরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) জামাল উদ্দিন জানান, রবিউলের ঘরের পেছন থেকে পঁচা গন্ধ বের হলে প্রতিবেশিরা গাইবান্ধা সদর থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ নিয়ে নিহতের বাবা সাদেকুল ইসলাম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। ভাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কর্ণিকান্দা গ্রামে গত সোমবার সন্ধ্যায় পারভেজ হোসেন (২৫) নামে এক যুবক বজ্রপাতে মারা গেছেন। প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে ফসল মাড়াইয়ের চাতালে পারভেজসহ পরিবারের কয়েক সদস্য মিলে রবিশস্য ঘরে তুলতে ব্যস্ত ছিল। এ সময় তার মোবাইলে কল আসলে সে বেশ কিছুক্ষণ যাবত্ কথা বলছিল। কিছুক্ষণ পরে বজ্রপাতের ঘটনা ঘটলে সে মারা যান।এদিকে বজ্রপাতের ঘটনায় নিহত হওয়ার পর পরিবারের সদস্যা পড়েছেন বিপাকে। লাশ চুরির আশংকায় কবরের চার পাশে রড ও সিমেন্টের ঢালাই দিয়ে পরিবারের সদস্যরা পাহারা দিচ্ছেন। পাকুন্দিয়ায় লাশ উদ্ধার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদী আদিত্যপাশা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার ছামিনা আক্তার (৮) নামে এক স্কুল ছাত্রীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মো. হাসেন মিয়ার কন্যা। কাউখালীতে দুই ভাইয়ের সলিল সমাধি পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামে গত সোমবার দুপুরে পানিতে ডুবে নিক্সন (৫) ও জিসান (৩) নামে দুই ভাই পানিতে ডুবে মারা গেছে। জানা যায়, খালের পাড়ে দুই ভাই খেলা করছিল। হঠাত্ ছোট ভাই জিসান পা পিছলে খালের পানিতে পড়ে যায়। ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে দুই ভাইয়ে পানিতে ডুবে মারা যায়।