প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ফেসবুক গ্রুপ চালু

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২১:২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচি ও তথ্য সাংবাদিকদের সঙ্গে বিনিময়ের জন্য ফেসবুকে একটি বিশেষ গ্রুপ খুলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং। সোমবার বিকালে ফেসবুকে এই গ্রুপ খোলা হয়। প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহকারী সাংবাদিকরা ‘প্রেস উইং, প্রাইম মিনিস্টারস অফিস বাংলাদেশ’ নামে এই গ্রুপের সদস্য হতে পারবেন। আর এর মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিদিনের কর্মসূচি সহজে পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, সাংবাদিকদের জানানোর জন্য এই পেইজে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি, ছবি ও তথ্য প্রকাশিত হবে। আবার সাংবাদিকরাও তাদের মতামত, সংবাদ ও ছবি এই পেইজে পোস্ট করতে পারবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলো সম্পর্কে সঠিকভাবে তথ্য পেতে গ্রুপের সদস্যরা ফেসবুকের এই পাতাটিকে সোর্স হিসেবে ব্যবহার করতে পারবেন।