আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা চলাকালে স্টেডিয়ামগুলোতে বিদ্যুত্ সরবরাহ নির্বিঘ্ন রাখার বিষয়টি নিশ্চিত করতে বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনের মাগরিবের নামাজের বিরতির সময় প্রতিমন্ত্রীকে ডেকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী তাকে বলেন ‘জেনারেটর স্ট্যান্ডবাই রাখতে হবে, বিদ্যুতের মূল লাইনের পাশাপাশি জেনারেটরও স্ট্যান্ডবাই থাকবে, যেন এক সেকেন্ডও বিদ্যুতের বিভ্রাট ঘটতে না পারে।’
দাঁড়ানো অবস্থায় প্রধানমন্ত্রী যখন বিদ্যুত্ প্রতিমন্ত্রীকে এই নির্দেশ দিচ্ছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, চিফ হুইপ আ.স.ম ফিরোজ ও সংরক্ষিত আসনের এমপি তারানা হালিমসহ কয়েকজন। অধিবেশনের বিরতির সময় আসন থেকে উঠে সংসদ ভবনে নিজ কার্যালয়ে যাওয়ার সময় সামনে বিদ্যুত্ প্রতিমন্ত্রীকে দেখেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায় ‘এই যে, খেলার সময় বিদ্যুতের সমস্যা হচ্ছে কেন?’ প্রতিমন্ত্রী বলেন ‘কই না তো, সেখানে বিদ্যুতের কোনো সমস্যা নেই।’ এবার প্রধানমন্ত্রী বলেন ‘নো, তোমরা কী করছো। আমি নিজে গতকাল বিটিভিতে খেলা দেখছিলাম। হঠাত্ দেখি টেলিভিশনের পর্দা কালো, কিছুই দেখা যাচ্ছে না, সেখানকার লোকজন কথা বলছিল-সেগুলো টিভিতে শুনছিলাম। শুধু মূল লাইনের ওপর নির্ভর করলে হবে না, জেনারেটর স্ট্যান্ডবাই রাখতে হবে। খেলার সময় এক সেকেন্ডের জন্যও বিদ্যুত্ যেতে পারবে না।’
পরে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে তাত্ক্ষণিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এসময় বিপুকে মোবাইলে বলতে শোনা যায় ‘পাপন ভাই, প্রধানমন্ত্রী এইমাত্র আমাকে বললেন-স্টেডিয়ামে যেন বিদ্যুতের সমস্যা না হয়, সেজন্য জেনারেটর স্ট্যান্ডবাই রাখতে বলেছেন।’
