অতি ভক্তি সব সময় ভালো ফল বয়ে আনে না। তার প্রমাণ দিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থকরা। হিন্দুদের ধর্মীয় শ্লোগান ‘হর হর মহাদেব’ এর প্যারোডি করে ‘হর হর মোদী’ শ্লোগান দিয়ে তাকে বিপাকে ফেলেছে নিজের দল। রাজনৈতিক স্বার্থে এই শ্লোগান দিয়ে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন, এই অভিযোগে মোদী ও আরও কয়েকজনের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে স্থানীয় আদালতে। অভিযোগটি দায়ের করেছেন বারাণসীর সেন্ট্রাল বার অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট মনোজকুমার দুবে।
মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ৩ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন। প্রথম প্রথম কিছু না বললেও মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত করতে পারে বুঝতে পেরে মোদী নিজেই এই স্লোগান না দেয়ার জন্যে নেতা কর্মীদের বারণ করেছিলেন। বিহারের পূর্ণিয়ায় মোদীর সভার জন্য মঞ্চ বানানো হয়েছিল। আর মঞ্চেই লেখা ছিল ‘হর হর মোদী’। মোদীর কট্টর সমর্থক বিহারের নওয়াদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিরাজ সিংও হর হর মোদী শ্লোগানে মেতেছিলেন। এতে ক্ষোভ ছড়িয়েছে নানা মহলে। দ্বারকাপীঠের শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী আরএসএস প্রধান মোহন ভাগবতের কাছে ক্ষোভ জানিয়ে বলেছেন, এ ধরনের ব্যক্তিপূজা বন্ধ হোক। কংগ্রেসও কঠোর সমালোচনা করেছে।
