পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কলকাতা থেকে কুনমিং পর্যন্ত বিস্তৃত বাংলাদেশ-চীন-ইন্ডিয়া-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে চট্টগ্রামের মত গুরুত্বপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হবে। এই করিডোর বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে। বিসিআইএম জয়েন্ট স্টাডি গ্রুপের পরবর্তী সভা আগামী জুনে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। তিনি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চেম্বার ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিসিআইএম ইকনোমিক করিডোর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। আলোচনায় অংশ নেন চীনের রাষ্ট্রদূত লি জুন, ভারতের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী, চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ, ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার প্রমুখ।
