মন্থর বোলিংয়ের জন্য প্রোটিয়াদের জরিমানা

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২৩:১৭
নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেলেও গত সোমবারের খেলাটিতে ধীর গতির বোলিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে জরিমানা করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল এ তথ্য জানায়। ডেল স্টেইনের অসাধারণ বোলিংয়ে প্রোটিয়ারা শেষ পর্যন্ত দুই রানে জয়ী হয়। তবে চট্টগ্রামে অনুষ্ঠিত খেলাটিতে ফাফ ডু প্লেসিসের দল নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করে। আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অধিনায়ক হিসাবে ফাফ ডু প্লেসিসের ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং অন্য খেলোয়াড়দের ২০ শতাংশ কেটে নেয়া হবে।’ এতে আরো বলা হয়, ‘আগামী এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্লে¬সিস যদি আবারো এমন ধরনের অপরাধ করেন তবে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।’ সুপার টেন পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে টুর্নামেন্টে এখনো আশা বাঁচিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল বৃহস্পতিবার দলটি মোকাবেলা করবে বাছাইপর্ব থেকে উঠে আসা নেদারল্যান্ডের। বাসস