হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশির ৪০ বছরের কারাদণ্ড

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২৩:৩৯
বাংলাদেশি বংশোদ্ভূত মাহফুজ হক (৪৭) নামে একজনের ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে প্রায় ২৫ বছর আগে একজনকে হত্যার দায়ে গত সোমবার মাহফুজের ৪০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা হয়। স্টেউবেন কাউন্টি সুপিরিওর কোর্টে এ রায় শোনার পর কৃতকর্মের জন্য ভীষণ অনুতপ্ত মাহফুজ কান্নায় ভেঙে পড়েন। খবর:ডেইলি মেইল। মাহফুজ বৈধভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করছিলেন। ১৯৮৯ সালের ৯ আগস্ট উপর্যুপরি ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ টড কেলিকে হ্যামিল্টনে তার নিজ বাড়িতে হত্যা করেন মাহফুজ। তার সাবেক প্রেমিকা ক্রিস্টিন মাটজফেল্ডের সঙ্গে নতুন প্রেমিক টড কেলির মেলামেশার বিষয়টি মেনে নিতে না পেরে তিনি টডকে নির্মম ছুরিকাঘাতে হত্যা করেছিলেন। এর পর যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে গ্রেফতার হন মাহফুজ। নয়াদিল্লিতে টেবিল টেনিসের একটি প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের সময় তাকে আটক করা হয়। গত বছরের জুলাইয়ে তাকে ইন্ডিয়ানাতে পাঠিয়ে দেয়া হয়।