বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’র আট বছরে পদার্পণ উপলক্ষে গত ১১ মার্চ থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে হয়ে গেল চার দিনব্যাপী বর্ণাঢ্য শ্রুতিনাট্য উত্সব ও সুহূদ সম্মিলন। ১১ থেকে ১৪ মার্চ পর্যন্ত বর্ণিল এ আয়োজনে প্রতিদিন পুরো শিল্পকলা প্রাঙ্গণ ও মিলনায়তন ছিল আবৃত্তিশিল্পী, কর্মী ও কবিতাপ্রেমীদের পদচারণায় মুখর।
প্রথম দিন ১১ মার্চ মঙ্গলবার বিকাল ৫টায় শিল্পকলার অনিরুদ্ধ মুক্তমঞ্চে রঙিন বেলুন উড়িয়ে উত্সবের উদ্বোধন করেন আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী সভায় অভিনেতা ও আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, ‘তারুণ্যের উচ্ছ্বাসের আমন্ত্রণে আমি এর আগেও চট্টগ্রামে এসেছি। নামের মতই প্রাণবন্ত সংগঠনটির পথচলা। প্রকৃত জ্ঞানে ও মেধায় উদ্ভাসিত হোক এ সংগঠনের সদস্যরা এবং আপামর সাংস্কৃতিক সচেতন মানুষেরা।’ সম্মানিত অতিথির বক্তব্যে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার বলেন, মানুষের সৃষ্টিশীলতা ও সৃজনশীলতাই তাকে এগিয়ে নিয়ে যায় এবং তার মেধা ও যোগতার প্রমাণ বহন করে। তিনি যেকোনো সৃজনশীল কর্মকাণ্ডে সংস্কৃতিকর্মীদের পাশে থাকার প্রত্যয় জানান।
উদ্বোধনী সভার পর তারুণ্যের উচ্ছ্বাসের অর্ধশতাধিক শিল্পীর কণ্ঠে সমবেত আবৃত্তি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর ‘আমরা অনার্য, আজ এই কথা বলুক সবাই’ কবিতাটি পরিবেশিত হয়।
