শুটিংয়ের সিডিউল ফাঁসানো, কথা দিয়ে কথা না রাখা, নিজের প্রয়োজনে পরিচালকের ফোন না ধরা শখের যেন একটি অভ্যাসে পরিণত হয়েছে। এ যাবত্ বহু নির্মাতাই তার এসব অভিযোগগুলো বারবার তুলে ধরেছেন। কিন্তু শখ কখনও এগুলোকে পাত্তা দেন না। এসব কারণেই সম্প্রতি শখ বাদ পড়েন বাংলালিংকের বিজ্ঞাপন থেকে। এবার সিডিউল ফাঁসালেন ‘চোরাবালি’খ্যাত পরিচালক রেদওয়ান রনির একটি নাটকে। এনটিভিতে নিয়মিত প্রচারিত ধারাবাহিক ‘পরিবার করি কল্পনা’তে মোশাররফ করিম, মম, শখসহ আরও অনেকেই কাস্ট ছিলেন। এবারের লটের শুটিং শখের সঙ্গে কথা বলেই গতকাল ও আজকের সিডিউল চূড়ান্ত করা হয়। কিন্তু শুটিংয়ের দিন শখ সেটে হাজির হননি। পরিচালক বারবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও শখ একটি কলও ধরেননি। পরবর্তীতে নিরুপায় হয়ে পরিচালক শখের বাবাকে ফোন দেন এবং জানতে পারেন শখ উচ্চ সম্মানীতে নতুন কোনো একটি বিজ্ঞাপনের শুটিং করছেন। ঠিক এরকম ঘটনা শখ এই পরিচালকের সঙ্গে এর আগেও একবার ঘটিয়েছেন। পরিচালক বলেন, ‘একটি ধারাবাহিক নাটকে অনেক শিল্পী থাকে। সবার সঙ্গে কথা বলেই সিডিউল চূড়ান্ত করা হয়। শুটিংয়ের দিন যদি কোনো একজন হাজির না হন, তাহলে এই নাটকের সকল শিল্পীসহ পুরো ইউনিটের সকল কাজ বন্ধ থাকে। একটি দিনের ঘটনায় লোকসান গুনতে হয় লাখেরও উপর। আর যদি হঠাত্ করে এই চরিত্রটিতে এভাবে না বলে অভিনয় না করেন তাহলে নতুন করে আবার আগের ফুটেজগুলোও শুটিং করতে হয়। দেখা যায় একটি মাত্র অপেশাদার শিল্পীর জন্য লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হয়। তাদের এ ধরনের আচরণ নিয়ে আমাদের মিডিয়ার কর্তাব্যক্তিরাও উপযুক্ত কোনো উদ্যোগ নেন না। চ্যানেলের সঙ্গে আমাদের প্রতিশ্রুতির ব্যাঘাত ঘটে। দর্শকদের সঙ্গেও ঘটে। এসবের জন্য একটি ভালো প্রোডাকশনও উপহার দেওয়া সম্ভব হয় না।’
