ইউরো-সিজেএফবি ১৪তম আসরে পারফর্ম করবেন অনন্ত-বর্ষা

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২০:০০
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) এবং গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের যৌথ উদ্যোগে আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ১৪তম আসরে এবার পারফর্ম করবেন চলচ্চিত্রের হালের ক্রেজ অনন্ত জলিল এবং বর্ষা। সিজেএফবিকে তারা ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন। অনন্তর নিজস্ব তত্ত্বাবধানে এই পারর্ফমেন্সের কোরিওগ্রাফি করা হবে। তার নতুন চলচ্চিত্রের দুটি গানের নির্বাচিত অংশ নিয়ে পারফর্মেন্সটি তৈরি করা হচ্ছে। তাদের সঙ্গে এতে অংশ নেবেন তার চলচ্চিত্রের বিশেষ দলটি। উল্লেখ্য এবারই প্রথম ইউরো-সিজেএফবির স্টেজে দেখা যাবে চলচ্চিত্রের শীর্ষ এই নায়ক-নায়িকা জুটিকে। সিজেএফবি সূত্রে জানা গেছে ইউরো-সিজেএফবির ১৪তম আসরে চলচ্চিত্র বিভাগে সেরা নায়ক, সেরা নায়িকা এবং সেরা চলচ্চিত্রসহ মোট তিনটি ক্যাটাগরিতে এবার মনোনয়ন পেয়েছে এই জুটি অভিনীত বাম্পারহিট ছবি ‘মোস্ট ওয়েলকাম’। এবার আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন টেলিভিশন মিডিয়ার অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। এ ছাড়া সংগীত টেলিভিশন এবং চলচ্চিত্র বিভাগে ৩টি করে মোট ৪৫ জন মনোনয়ন পেয়েছেন। প্রতি বিভাগে পুরস্কার প্রদান করা হবে একজনকে। অনন্ত এবং বর্ষা ছাড়াও জাঁকজমকপূর্ণ এবারের আসরেও থাকবে দেশসেরা তারকাদের মন মাতানো পারফর্মেন্স।