মিষ্টি ভূত ভূতনাথ, তাকে দেখে ভয় না পেয়ে উল্টো তার সাথে থাকতেই পছন্দ করে বাচ্চারা। এমন একটি গল্প নিয়েই আবারও ফিরে এল ভূতনাথ। আমিতাভ অভিনীত ‘ভূতনাথ রিটার্নস’-এ আরও অভিনয় করেছেন শাহরুখ খান, জুহি চাওলা ও বোমান ইরানির মতো তারকা অভিনয়শিল্পীরা। এ নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম
ছবির ট্রেইলার মুক্তি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অমিতাভ বচ্চন বলেন, ‘আমাকে ছবির সিক্যুয়েলের প্রস্তাব দেওয়ার জন্য টি-সিরিজকে ধন্যবাদ। ‘ভূতনাথ’-এ কাজ করার অভিজ্ঞতা সুখের ছিল। আশা করি, এ ছবিতেও সব বয়সীদের মন জয় করতে পারব আমরা।’ ছবিতে ক্ষুদে অভিনেতার চরিত্র নিয়ে অমিতাভ বলেন, ‘পার্থ এ ছবির হিরো। একমাত্র সেই আমাকে ছবিতে দেখতে পায়। ও হিরো আর আমি জিরো, হা হা হা।’ জানা গেছে, ‘ভূতনাথ রিটার্নস’-এ একটি গরিব ছেলে ভূত দেখার ক্ষমতা পাবে। ভূতটির সঙ্গে সে বন্ধুত্ব করবে। পাশাপাশি ভূতের সাহায্য নিয়ে অন্যায় ও দুর্নীতি নিঃশেষ করবে। ছবিটিতে অমিতাভের লুক এরই মধ্যে প্রশংসিত হয়েছে। অমিতাভের এই ছবি এ বছরের অন্যতম সেরা ছবি হতে চলেছে বলে মন্তব্য করছেন শাহরুখ। শাহরুখের এমন প্রশংসায় অভিভূত অমিতাভ। একই সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অমিতাভ লিখেছেন, ‘শাহরুখের কথা যেন সত্যি হয়।’ অমিতাভের সঙ্গেই ছবিতে দেখা যাবে ঊষা যাদব, বোমান ইরানিকে। তবে শাহরুখের প্রশংসা কতটা সত্যি হয়, তা জানতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পর্যন্ত। ভূতের ছবি মানেই কি দর্শকদের ভয় দেখিয়ে গায়ে কাঁপুনি এনে দেওয়া। অন্য রকম ভূতের ছবিও হতে পারে, যে ছবি দেখে ভয়ের বদলে দর্শকের মনে জন্ম নিতে পারে ভালোবাসা ও আবেগ। প্রথম সিনেমার মতো এবারের সিনেমাটিতেও অতিথি চরিত্রে থাকবেন শাহরুখ খান। এছাড়া সিনেমায় একটি আইটেম গানে নাচবেন অভিনেতা রণবীর কাপুর। ‘ভূতনাথ’ সিরিজ ছাড়াও এর আগে বেশ কয়েকটি সিনেমায় একত্রে অভিনয় করেছেন অমিতাভ এবং শাহরুখ। ‘মোহাব্বতে’(২০০০), ‘কাভি খুশি কাভি গাম’ (২০০১) এবং ‘কাভি আলভিদা না কেহনা’ (২০০৬) সিনেমায় একত্রে অভিনয় করেছেন তারা। এ ছাড়া শাহরুখ অভিনীত ২০০৫ সালের সিনেমা ‘পাহেলি’-তে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। শাহরুখের সঙ্গে এর আগে অভিনয় করলেও রণবীরের সঙ্গে কোনো সিনেমায় এখনও দেখা যায়নি অমিতাভকে। তবে রণবীরের সিনেমায় কোনো ছোটখাটো চরিত্র হলেও কাজ করতে ইচ্ছা পোষণ করেছেন অমিতাভ। জাদুকর পিসি সরকারের উপর নির্মিত হবে একটি আত্মজীবনীমূলক সিনেমা। যেখানে বাবা এবং ছেলের ভূমিকায় অভিনয় করতে পারেন অমিতাভ-রণবীর। সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এই দুই অভিনেতাকে। কিন্তু প্রস্তাবে তারা সাড়া দিয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। এ ছাড়া ‘ভূতনাথ রিটার্নস’ ছবির আইটেম গানে একসঙ্গে দেখা যেতে পারে শাহরুখ ও সালমান খানকে। এ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আইটেম গানটিতে শাহরুখ-সালমানকে রাজি করানোর ব্যাপারে চেষ্টা চালিয়েছিলেন ছবিটির প্রযোজক রবি চোপড়া। এর আগে ‘ভূতনাথ’ ছবিতে অভিনয়ও করেছিলেন শাহরুখ। ‘ভূতনাথ রিটার্নস’ থেকে বাদ পড়লেও শুরু থেকেই শোনা যাচ্ছে ছবির একটি গানে দেখা যেতে পারে শাহরুখকে। ওই আইটেম গানটিতে এরই মধ্যে রণবীর কাপুরের থাকার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। ছবিটি পরিচালনা করছেন নিতেশ তিওয়ারি।
