ভালোবাসার চতুষ্কোণ

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২০:০৩
তিন জোড়া মানব-মানবীর ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’ বর্তমানে প্রচার হচ্ছে বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে। শিহাব শাহীন পরিচালনায় এই নাটকটি ইতোমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শাহরিয়ার শুভ, মৌটুসী, সাজু খাদেম, তানিয়া হোসেন, নাঈম, মৌসুমী আজিজ, সুষমা সরকার, উজ্জ্বল, সাব্বির, শামসুল আলম বকুল, ফেরদৌসী লিনা, খালেকুজ্জামান ও অনেকে। চতুর্ভুজের তিন কোণে অবস্থিত তিনটি গল্পের মানুষগুলো আরও একটি সূত্রে পরস্পরের সাথে গাঁথা নিয়তি অথবা ডেস্টিনি। যা চতুর্ভুজের অপর কোনে থেকে বদলে দেয়, দূরে ঠেলে দেয়, আবার কাছে নিয়ে আসে ভালোবাসার সূতোয় গাঁথা মানুষদের—এমনি কিছু ঘটনা নিয়েই এই নাটকে গল্প আবর্তিত হয়েছে। টম ক্রিয়েশন্সের প্রযোজনায় নাটকটি রচনা করেছেন যৌথভাবে শিহাব শাহীন, মেজবাহ উদ্দিন সুমন ও ইফফাত আরেফিন তন্বি। নাটক প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘আমাদের চারপাশের ঘটে যাওয়া ঘটনাই এখানে দেখানো হয়েছে।’ ‘ভালোবাসার চতুষ্কোণ’ ধারাবাহিকটি প্রচারিত হয় প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে।