প্রতিটি ক্ষেত্রেই তিনি সফলতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে মডেলিংয়ের পাশাপাশি নাটক ও ধারাবাহিকে অভিনয় করে শখ দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এরই মধ্যে বড় পর্দাতেও পা রেখেছেন। ক্যারিয়ারের স্বল্প সময়ের ব্যবধানেই তিনি জনপ্রিয়তার অর্জন করেছেন। মিডিয়ায় নিজের ভালো অবস্থাকে স্থায়ী রূপ দিতে এখনও তিনি ছুটে চলছেন দুর্বার গতিতে। এমবি মানিকের পরিচালনায় ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে প্রথম ছবি ‘বলো না তুমি আমার’-এর মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছিলেন শখ। রুপালি পর্দার আলোচিত সেই ছবিটি ব্যবসায়িক সাফল্য পেলেও চলচ্চিত্রে তীব্র নায়িকা সংকট ও অসংখ্য ছবিতে অভিনয়ের প্রস্তাবের মাঝে শখ নিজেকে ভাসিয়ে দেননি গতানুগতিক ধারার চলচ্চিত্রের ভিড়ে। একটু গুছিয়ে নিয়ে সানিয়াত হোসেন পরিচালনায় ‘অল্প অল্প প্রেমের গল্প’তে সুপার হিরো নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সুখের খবর হলো, আগামী দু’তিন দিনের মধ্যে ছবিটি সেন্সরের জন্য জমা হবে। তাই বলা যায়, খুব শীঘ্রই তার দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে। শখ সম্প্রতি শেষ করলেন রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় একখণ্ডের নাটক ‘নাগরিক বুনোফুল’ এবং বিইউ শুভর ‘চতুষ্কোণ’ নাটকের কাজ। এরমধ্যে ‘নাগরিক বুনোফুল’ নাটকে শখের বিপরীতে অভিনয় করেছেন অনিসুর রহমান মিলন। তার সাথে অভিনয় প্রসঙ্গে শখ বলেন, ‘অনেক সিনিয়র শিল্পীর সাথেই অভিনয় করেছি। কিন্তু মিলন ভাইয়ের সাথে কাজ করতে গেলে কেন যেন অভিনয়টা একটু বেশি উপলব্ধি করি আমি। কারণ তিনি অনেক বেশি কো-অপারেটিভ। চরিত্র নিয়ে কিভাবে খেলা যায় তা তিনি বুঝিয়ে দেন আমাকে খুব সহজেই।’ বর্তমানে বেশ কয়েকটি নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
