বায়ু দূষণের কল্পনীয় সব মাত্রাকেই যেন ছাড়িয়ে গেছে চীনের রাজধানী বেইজিং। আর তাই এখানকার অধিবাসীরা যেমন একদিকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সঙ্গে বসবাস করছেন তেমনি সময় সুযোগ হলে চলে যাচ্ছেন দেশের অন্য অংশেও। এমনকি সাম্প্রতিক সময়ে দেশটির রাজধানী শহর ছেড়ে চলে যেতে শুরু করেছেন অনেক বিদেশী নাগরিকেরাও। এমনই এক বাস্তবতায় এবার বোতলে ভর্তি বিশুদ্ধ বাতাস বিক্রি করতে শুরু করেছে চীনের একটি প্রতিষ্ঠান। এর আগে বিশ্বের আরও কয়েকটি দেশে এ জাতীয় অভিনব উদ্যোগ নেওয়া হলেও চীনের এই প্রতিষ্ঠানটিই নিজেদের সবচেয়ে সময়োপযোগী ও কার্যকর বলে দাবি করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চীনের ঝেঝিয়াং প্রদেশের লিনান জেলায় অবস্থিত তিয়ানমু পর্বত এলাকা থেকে বোতলে করে সংগ্রহ করা হচ্ছে বিশুদ্ধ বাতাস। তারপর এই বোতল ভর্তি বাতাস বিনামূল্যে প্রচারের জন্য ভাড়া করা কিছু কার্টুন সদৃশ পোশাক পড়া চরিত্রের হাতে করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অংশে। কেউ যদি বিনামূল্যে দেওয়া এই বাতাসে শ্বাস নিয়ে সন্তুষ্ট হন তাহলে তার কাছে পরবর্তী সময়ে বিক্রিও করা হচ্ছে একইরকম আরও কিছু বাতাসের বোতল। এদিকে নিজেদের বিক্রি করা এই বাতাসের গুণ বর্ণনা করে প্রোডাক্ট ম্যানেজার লং পেং বলেন, ‘তিয়ানমু পর্বতের পাদদেশ থেকে সংগ্রহ করা এই বাতাস এতটাই সজীব যে এর প্রতি কিউবিক মিটারে ৩,৩০০ নেগেটিভ অক্সিজেন আয়ন রয়েছে যা বিশুদ্ধ বাতাসে অক্সিজেনের সাধারণ মাত্রার চাইতেও অনেক বেশি। এখানে প্রকৃতি আমাদের যা উপহার দেয় তার ছিঁটেফোটাও নেই আমাদের প্রাত্যহিক জীবনের শ্বাস নেওয়া বাতাসে। আর জীবনে আরাম আয়েশ করতে যেয়ে আধুনিক যত কলাকৌশল আমরা আবিষ্কার করেছি সেই সব আধুনিকতাই আমাদের বাতাসে মাত্রাতিরিক্ত পজিটিভ আয়ন যোগ করেছে এবং এগুলোই আমাদেরকে ক্লান্ত ও অবসন্ন করে তুলছে।
