রান রেট বাড়ানোর সুযোগ দক্ষিণ আফ্রিকার

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২১:৫৬
ভাগ্যের কি নির্মম পরিহাস! এই নেদারল্যান্ডস দলই প্রথম পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে অতিমানবীয় ব্যাটিংয়ে রান রেটের ভিত্তিতে জায়গা করে নিয়েছিল সুপার টেনে। কিন্তু সপ্তাহের ব্যবধানে এখন তাদের বিপক্ষে রান রেট বাড়িয়ে নিতে চাইছে আরেকটি দল। ক্রিকেটীয় বিবেচনায় দক্ষিণ আফ্রিকা আর নেদারল্যান্ডসের মধ্যে পার্থক্যটা আকাশ-পাতাল। টি-টোয়েন্টিতে একবারও মুখোমুখি না হলেও চারটি ওয়ানডে ম্যাচেই শক্তিমত্তার ব্যবধানটা আঁচ করা গিয়েছে। প্রোটিয়াদের বিপক্ষে ডাচদের সর্বনিম্ন ব্যবধানে হারটিই হল ৮৩ রানের। আর আগের ম্যাচেই শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হবার পর আয়ারল্যান্ডের বিপক্ষে কমলা জার্সিধারীদের পারফরম্যান্সটা তাই এখন আর কারোই মনে নেই। তাই আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনমতে জয় পাওয়া দক্ষিণ আফ্রিকানরা এই ম্যাচে নিজেদের রান রেট বাড়িয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। যদিও নেদারল্যান্ড দলকে মোটেও ছোট করে দেখছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস, ‘টি-টোয়েন্টিতে কেবল বড় দলগুলোই ভাল করবে— এই ধারণা অনেক আগেই বিলীন হয়ে গেছে। খেলাটা এখন ছোট হয়ে এসেছে। তাই সবারই এখানে সুযোগ আছে।’ মজার ব্যাপার হল, সর্বশেষ চার ম্যাচেই একই একাদশ নিয়ে খেলেছে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকানদের বিপক্ষে ম্যাচে দলের ব্যাটসম্যানদের পারফরম করা জরুরি বলেই মনে করছেন পিটার বোরেন, ‘আমি আমার দলের উপর বিশ্বাস রাখছি। আশা করি, আগামী তিনটি ম্যাচে সবাই ভাল খেলতে পারবে। এটা ক্ষতি কমানোর কোন চেষ্টা নয়। আসলে আমাদের প্রথম ছয় ব্যাটসম্যানকে বড় একটা রান করার জন্য অনেক দায়িত্বশীল হতে হবে।’ নেদারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলে দেখা যেতে পারে ওয়েন পারনেলকে। মরনে মরকেলের খেলাটা আজ নিশ্চিত নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে পারফরম্যান্সের জের ধরে আজ তিনি বাদ পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে তার জায়গায় বাম হাতি পেসার বিউরান হেনড্রিক্সকে দেখা যেতে পারে মূল একাদশে। দলের অধিনায়ক ডু প্লেসিসকে নিয়েও দুশ্চিন্তায় আছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন প্লেসিস। কিন্তু আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আজকে অধিনায়ককে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না প্রোটিয়ারা। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার পরও দল নিয়ে খুব একটা পরীক্ষা-নিরীক্ষা করছে না নেদারল্যান্ডস। কারণ, তাদের স্কোয়াডে আর একজনই আছেন ব্যাটসম্যান। তিনি হলেন ডিন এরিক। আর একাদশ পরিবর্তন না করার ক্ষেত্রে মোক্ষম এক যুক্তি দিলেন নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন, ‘আমরা ৩৯ রানে অল আউট হয়েছি। তাই একাদশে পরিবর্তন আনাটা আমাদের জন্য কষ্টকর। একজনকে কাঠগড়ায় দাঁড় করানোটা আমাদের জন্য বেশ ঝক্কির কাজ। কারণ, এমন পারফরম্যান্সের জন্য আসলে দলের প্রত্যেকেই দায়ী।’ ১৫ সদস্যের নেদারল্যান্ডস দলে তিনজন আছেন দক্ষিণ আফ্রিকার বংশদ্ভূত। এদের মধ্যে স্টিফেন মাইবার্গ, ওয়েসলি বারেসি সরাসরি দক্ষিণ আফ্রিকান কাঠামোতে ক্রিকেট খেলেছেন। বাকি একজন হলেন ডিন এরিক।