পৃথক দুর্ঘটনায় ১৩ জন নিহত

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২১:৫৯
দেশের বিভিন্নস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫১ জন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কুমারখালীতে নিহত-১ আহত-৬ কুষ্টিয়ার কুমারখালীতে মঙ্গলবার ট্রাক-অটোবাইক সংঘর্ষে অটোবাইক চালক আব্দুল আউয়াল (৫২) নিহত হয়েছেন। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী উপজেলার দবির মোল্লা গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কুমারখালী থানার অফিসার ইন-চার্জ লুত্ফর রহমান জানান, কুমারখালী বাস স্টান্ড থেকে একটি অটো বাইক যাত্রী নিয়ে কুষ্টিয়া শহরের দিকে আসছিলো। অটো বাইকটি ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত গতিতে আসা রাজবাড়ীগামী একটি পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো বাইকের চালক আব্দুল আউয়াল নিহত হন এবং আহত হন অটো বাইকে থাকা আরো ছয়জন যাত্রী। চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকায় এক তরুণের মৃত্যু চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় গত মঙ্গলবার বিকালে গাড়ি চাপায় এক তরুণের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সেতুর উত্তর অংশের ব্যস্ততম এপ্রোচে। নিহত তরুণের নাম জাহিদুল ইসলাম (২০)। দুর্ঘটনার পরপর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। গোবিন্দগঞ্জে নিহত ১ আহত ১৮ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার সকালে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আসার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৮জন স্কুল শিক্ষার্থী আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে ১জন মারা যায়। পুলিশ জানিয়েছে, রাখালবুরুজ কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আসার পথে বোয়ালিয়া নামকস্থানে একটি অটোটেম্পুর সাথে বিপরীতমুখী একটি সিএনজিচালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হলে ৭ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে বগুড়া শজীমেক হাসপাতালে ভর্তি করা হলে কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র কাকলী মারা যায়। মুক্তাগাছায় যুবক নিহত ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে মুক্তাগাছার সত্রাসিয়ায় সরকারি শারীরিক শিক্ষা কলেজের সামনে গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে একটি চলন্ত ট্রাক উল্টে সুমন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত সুমন মুক্তাগাছার পাইকাশিমুল গ্রামের সাইফুল ইসলামের পুত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহ যাবার পথে একটি চলন্ত ট্রাক উল্লেখিত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় ট্রাকের আরোহী সুমন নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। শিবগঞ্জে নিহত ১,আহত ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার সময় সোনামসজিদ- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কানসাট কলাবাড়ি নামক স্থানে মোটরসাইকেল আরোহী শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর নামোটোলা গ্রামের শুকুরুদ্দীনের ছেলে আলাউদ্দীন (৫০) চাঁপাইনবাবগঞ্জগামী পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ও তার মেয়ে স্মৃতি (১৮) আহত হয়। গোদাগাড়ীতে ২ জন নিহত, ২০ জন আহত রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে মা-ছেলেসহ ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার সোনাদীঘি নামক স্থানে। নিহতরা হচ্ছে রাজশাহী মহানগরের আসাম কলোনীর আবুল কাশেমের স্ত্রী মরিয়ম (৫৫) ও তার ছেলে মহিউদ্দীন (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জগামী শাহ্ মখদুম এন্টারপ্রাইজ-২ নামক যাত্রীবাহী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে গিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী ধান ক্ষেতে গিয়ে পড়ে। উলিপুরে ভ্যান চালক নিহত কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় রফিক(৪৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উলিপুর-রাজারহাট সড়কের মাঠেরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খামার গ্রামের মোসলিম উদ্দিনের পুত্র রফিক নিজের ব্যবসার জন্য ক্রয় করা বাঁশের তৈরি মালামাল বোঝাই একটি নছিমনের সাথে তার ভ্যান গাড়িটি রশি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে মাঠেরপাড় নামক স্থানে পৌঁছিলে তার ভ্যান গাড়িটি উল্টে সে আহত হলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। উল্লাপাড়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ গত মঙ্গলবার ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের পাশে গ্রীন চিলিস হোটেলের সামনে মিনি ট্রাক, সিএনজি চালিত অটোরিক্সা ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অটোরিক্সার যাত্রী মনিরুল ইসলাম (৮) নামের একটি শিশু মারা গেছে এবং অপর ৪ যাত্রীসহ মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। নিহত মনিরুল ইসলামের বাড়ি উল্লাপাড়া উপজেলার ভেন্নাবাড়ি তেতুলিয়া গ্রামে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে। নড়িয়ায় ১ জন নিহত ঢাকা-শরীয়তপুর মহাসড়কের নড়িয়া উপজেলার ভাসকরদি গ্রামে এ্যাম্বুলেন্স ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী মশিউর (১৮) নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের সদর উপজেলার ভাসকরদি গ্রামে মোটর সাইকেল চড়ে নশাসন গ্রামের মশিউর ও তার ভাই বাবু নিজ গ্রামে যাওয়ার পথে শরীয়তপুর সদর হাসপাতালের এ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত মশিউর জেলার নড়িয়া উপজেলার নশাসন গ্রামের আব্দুল কাদির খানের ছেলে। নবীনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শ্যামগ্রাম মহোনী কিশোর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী প্রীতি আক্তার (১১) গত সোমবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে । নিহতের পিতার নাম মোঃ বাবুল মিয়া, বাড়ি শ্যামগ্রাম ইউনিয়নের বানিয়াচং গ্রামে । স্থানীয়রা জানায়, প্রীতি নাসিরাবাদ থেকে বানিয়াচং বাড়ির উদ্দেশ্যে একটি অটোরিক্সায় উঠে । অটোরিক্সার চাকার সাথে তার ওড়না পেঁচিয়ে গেলে দেবদারু গাছের মোড় নামক স্থানে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । রামুতে পৃথক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ২ জন নিহত রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চা-বাগান স্টেশন ও সাড়ে ১১ টায় জোয়ারিয়ানালা বাজারে পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার মহলজ্জামানের ছেলে শাহ আলম (৭৫) ও জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম।