নালিতাবাড়ীতে চার ডিবি পুলিশকে পিটিয়ে আহত

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২২:০২
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে গত মঙ্গলবার বিকালে জনতা ৪ ডিবি পুলিশকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এসময় জনতা ওই ৪ ডিবি পুলিশকে স্থানীয় ইউনিয়ন পরিষদ অফিসে ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখে। সংবাদ পেয়ে নালিতাবাড়ী পুলিশ অবরুদ্ধ ডিবি পুলিশদের উদ্ধার করে চিকিত্সার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত পুলিশ সদস্যরা হলো, এসআই মিঠু, এএসআই হাবিবুর রহমান, কনস্টেবল আব্দুল আওয়াল ও জাফর। পুলিশ জানায়, নন্নী বাজারে জনৈক শাহিন নামে এক মোবাইল সার্ভিসের দোকানদার তার ব্যবসার আড়ালে ভারতীয় মদের ব্যবসা করে আসছিল। মঙ্গলবার বিকালে ডিবি পুলিশের এক কনস্টেবল ক্রেতা সেজে ৬ হাজার টাকায় চিহ্ন দিয়ে শাহীনের কাছ থেকে মদ ক্রয় করে। হাবিবুর রহমান খোকন নামে এক লোকের মাধ্যমে মদ সরবরাহ করার সময় পুলিশ খোকনকে আটক করে। পরে শাহিনকে আটক করে হ্যান্ডকাফ পরায়। এসময় চিহ্ন টাকা ফেরত চাইলে শাহিন হ্যান্ডকাফ খুলে দিতে বলে। পুলিশ হ্যান্ডকাফ খুলে দিলে শাহিন ভুয়া পুলিশ বলে চিত্কার করতে থাকলে জনতা এসে ডিবি পুলিশকে পিটিয়ে আহত করে শাহিনকে ছিনিয়ে নেয়ার চেষ্টাও করে পুলিশকে অবরুদ্ধ করে রাখে। নালিতাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের চিকিত্সার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।