পৃথক ঘটনায় পাঁচ জনের মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২২:০৩
দেশের বিভিন্ন স্থানে লাশ উদ্ধারসহ পৃথক ঘটনায় ৫ জন মারা গেছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সুন্দরবনে বনদস্যুর হাতে জেলে নিহত সুন্দরবনে মাছ ধরতে যেয়ে আব্দুল হামিদ (৪৮) বনদস্যুর গুলিতে নিহত হয়েছে। সাথে থাকা অপর দুই জন জেলে আহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার সুন্দরবনের বাটলু নদীর গাংদির খাল এলাকায় মাছ ধরতে গেলে বনদস্যু ছোট বাহিনীর সদস্যরা তাদের ডাকলে তাদের ডাকে সাড়া না দেয়ায় পিছন থেকে গুলি ছুঁড়লে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আমির গাজীর পুত্র আঃ হামিদ গাজীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার সংগী রেজাউল ও মান্নান গাজী গুলিবিদ্ধ হয়। কটিয়াদীতে বাদাম ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন কিশোরগঞ্জের কটিয়াদী পশ্চিমপাড়ায় আড়িয়াল খাঁ নদীর চরে শ্মশান ঘাট সংলগ্ন স্থানে একটি ছাগলে বাদাম ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলে নিদান মিয়া (৫০) নামে এক ব্যক্তি খুন হয়। জনতার সহায়তায় ঘাতক হাকিম মিয়াকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে। নিহত নিদানের বাড়ি উপজেলার চরপুক্ষিয়া গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় মামলা হয়েছে। অভয়নগরে মুরগী ব্যবসায়ী খুন অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আবদুল হালিম (৪৭) নামের এক মুরগী ব্যবসায়ী খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ খুনের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধোপাদি গ্রামের আবদুল হালিম শেখের কন্যাকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা হালিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কটিয়াদীতে দিনে দুপুরে কৃষক খুন কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের নদীর পাড় শ্মশান ঘাট সংলগ্ন থানা থেকে ৫শ গজ দূরে জমিতে কাজ করার সময় নিদান মিয়া (৫০) নামে এক কৃষক খুন হয়। এ সময় এক মহিলা আহত হয়। বুধবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। জানা যায়, মঙ্গলবার বিকালে পৌরসভার বরখাস্তকৃত নৈশ প্রহরী হকিম মিয়া তার নিজ ছাপড়া ঘরে অস্ত্র ধারানোর সময় রওশনা (৪০) নামে এক মহিলা দেখে ফেলে। এতে হকিম মিয়া ক্ষিপ্ত হয়ে প্রথমে রওশনার উপর ধারালো দা দিয়ে হামলা চালায়। ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালকের লাশ উদ্ধার গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত রবিবার রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সোহাতা গ্রামের সিএনজি চালক কুদ্দুস মিয়া (৩২) সিএনজি অটোরিক্সা নিয়ে নিখোঁজ হয়। গতকাল দুপুর প্রায় ২টার দিকে কসবার সৈয়দাবাদ এলাকার বিজনা ব্রিক ফিল্ডের পার্শ্বে হাত বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।