টাঙ্গাইল-৮ উপনির্বাচন

আজ মধ্যরাতে শেষ হবে প্রচার-প্রচারণা ভোট শনিবার

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২২:০৬
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র দুইদিন বাকি। আগামী শনিবার এ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অন্যদিকে আজ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। উপ-নির্বাচনে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ার আশঙ্কা করে জাতীয় পার্টি জেপি’র সাদেক সিদ্দিকী ও আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল মালেক মিঞা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানানো হয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৩৮২। পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৫৭৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬১ হাজার ৮০৬ জন। মোট ভোট কেন্দ্র ১১৭টি, ভোটদান কক্ষ ৭১৯ টি। এর মধ্যে ১০২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে পুলিশ চিহ্নিত করেছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থার প্রায় ১ হাজার সদস্য নিয়োজিত থাকবে। ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নির্বাচন অফিস জানিয়েছেন। নির্বাচনের দায়িত্ব পালন করতে ইতিমধ্যেই প্রতিটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারসহ অন্য কর্মকর্তাদের তালিকা তৈরি হয়েছে। উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন: আওয়ামী লীগের প্রয়াত সাংসদ কৃষিবিদ শাহজাহানের পুত্র অনুপম শাহজাহান জয় (নৌকা), জাতীয় পার্টির (মঞ্জু) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী (বাইসাইকেল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা (হরিণ) ও স্বতন্ত্র প্রার্থী ডা. লিয়াকত আলী খোকন (মোরগ)। ভোটকেন্দ্রে সহিংসতার আশঙ্কা করছেন সাধারণ ভোটাররাও। এ নিয়ে এলাকায় উদ্বেগ-উত্কণ্ঠাও বিরাজ করছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, নির্বাচনে সহিংসতার কোন আশঙ্কা নেই। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।